বিদায়বেলায় শীতের ‘শেষ কামড়’! বৃহস্পতিবার থেকেই চড়চড় করে বাড়বে পারদ, বসন্তের আমেজ বঙ্গে

শীতের আমেজ কি তবে এবার ইতি টানার পথে? মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছাতেই এমন প্রশ্ন দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিন ও রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কিছুটা নিচে থাকলেও, শীতের সুখ বেশিদিন স্থায়ী হবে না। আগামী বৃহস্পতিবার থেকে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।

শহরের দিনের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। খুব শীঘ্রই উধাও হতে চলেছে রাতের শিরশিরানিও। আগামী কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং পশ্চিমের জেলা পুরুলিয়ায় তা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হলেও, তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই। ফলে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে নিম্নচাপটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।

আগামী দু’দিন সকাল ও রাতে শীতের হালকা আমেজ থাকলেও বৃহস্পতিবার থেকে ছবিটা বদলাবে। সপ্তাহের শেষে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশা বেশি থাকবে। পাহাড়ে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশেপাশে থাকলেও সমতলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy