জ্যামের দিন শেষ! মাত্র ৭ মিনিটে দিল্লি থেকে গুরুগ্রাম, দেশে শুরু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ পরিষেবা

রাস্তার যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা এখন ভারতের বড় শহরগুলোর নিত্যদিনের অভিশাপ। বিশেষ করে অফিস টাইমে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়া বা জরুরি চিকিৎসায় জ্যামে আটকে প্রাণহানির মতো ঘটনা রুখতে এবার বৈপ্লবিক পদক্ষেপ নিচ্ছে ভারত। খুব শীঘ্রই দেশে চালু হতে পারে ‘এয়ার ট্যাক্সি’ পরিষেবা। কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ (CII)-এর একটি প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্যায়ে দিল্লি ও সংলগ্ন এলাকায় একটি পাইলট করিডর তৈরির পরিকল্পনা করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, গুরুগ্রাম থেকে কনৌট প্লেস হয়ে নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই আকাশপথের ট্যাক্সি যাতায়াত করবে। বর্তমানে যে পথ গাড়িতে যেতে কয়েক ঘণ্টা সময় লাগে, এয়ার ট্যাক্সিতে তা মাত্র কয়েক মিনিটে পার হওয়া সম্ভব হবে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে গুরুগ্রাম পৌঁছাতে সময় লাগবে মাত্র ৭ মিনিট। আর এই পরিষেবার জন্য যাত্রীপিছু ভাড়া হতে পারে প্রায় ২০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত।

সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো, এই ট্যাক্সি ওঠানামার জন্য আলাদা কোনো হেলিপ্যাডের প্রয়োজন পড়বে না। বড় হাসপাতাল বা বাণিজ্যিক ভবনের ছাদ থেকেই এটি উড়তে ও নামতে পারবে। এর ফলে বিশেষ করে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ বা জরুরি চিকিৎসা পরিষেবায় এই ট্যাক্সি গেম-চেঞ্জার হয়ে উঠতে পারে। ডিজিসিএ (DGCA)-র কড়া নিয়ন্ত্রণে ধাপে ধাপে এই পরিষেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ের মতো ট্রাফিক-বহুল শহরগুলোর মানচিত্র বদলে দিতে পারে এই আধুনিক যান।