পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার ধিতাইবসান এলাকায় একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। অভিযোগ ছিল, রাতের অন্ধকারে আলমারির লকার ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। পরের দিন সকালে আদর্শ পুত্রবধূর মতো শাশুড়িকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান বাড়ির বড় বউ।
কিন্তু তদন্তে নামতেই পুলিশের সন্দেহ হয়। আলমারির লকার ভাঙার ধরন এবং বাড়ির ভেতরের খবরাখবর যেভাবে ফাঁস হয়েছে, তাতে পুলিশের মনে হয় কোনো ‘ঘরের লোক’ এর পেছনে রয়েছে। জেরা করতেই বেরিয়ে আসে আসল সত্যি। জানা যায়, বাড়ির বড় বউ এক বিশেষ পুরুষ বন্ধুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রেমিকের চাহিদা মেটাতেই নিজের বাড়িতে চুরির পরিকল্পনা করেন তিনি। প্রেমিকের জন্য নিজেই ঘরের দরজা খুলে দিয়েছিলেন যাতে সহজেই আলমারি সাফ করা যায়।
পুলিশ ইতিমধ্যেই বাড়ির বড় বউ এবং তাঁর সেই পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া গয়নার কিছু অংশ। নিখুঁত অভিনয়ের মাধ্যমে পরিবারের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না।