আদানির অশ্বমেধের ঘোড়া! এক দিনেই পকেটে ১ লক্ষ কোটি! নেপথ্যে কি ট্রাম্পের সেই ‘মাস্টারস্ট্রোক’?

আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণার রেশ কাটতে না কাটতেই দেশের শেয়ার বাজারে কার্যত তাণ্ডব শুরু করল আদানি গ্রুপ। মার্কিন রাষ্ট্রপতির ইতিবাচক সঙ্কেত পাওয়ার পর মঙ্গলবার ট্রেডিং সেশন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই গৌতম আদানির ১০টি লিস্টেড কোম্পানির শেয়ারে দেখা গেল বিপুল উত্থান। এক দিনের ব্যবধানে আদানি গোষ্ঠীর সম্মিলিত বাজার মূলধন বা মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে।

বিগত কয়েক মাস ধরে মার্কিন মুলুক থেকে আসা নানা নেতিবাচক খবরের জেরে চাপে ছিল আদানি এন্টারপ্রাইজ। তবে মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে ছবিটা বদলে যায়। আদানি এন্টারপ্রাইজ থেকে শুরু করে সাংঘি ইন্ডাস্ট্রিজ— সবকটি শেয়ার ৩% থেকে ১০% পর্যন্ত লাভের মুখ দেখছে। পরিসংখ্যান বলছে, সোমবার এই ১০টি কোম্পানির মোট বাজার মূল্য ছিল ১২,৯১,০৪৫ কোটি টাকা, যা মঙ্গলবার লেনদেনের মাঝে পৌঁছে যায় ১৪,০০,৩০৭ কোটিতে। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টায় আদানির ঝুলিতে এল ১.০৯ লক্ষ কোটি টাকা।

এক নজরে আদানিদের লক্ষ্মীলাভ:

  • আদানি এন্টারপ্রাইজ: এক দিনেই মূল্য বাড়ল প্রায় ২৭,৩৮৮ কোটি টাকা।

  • আদানি পাওয়ার: ২৭,৮৬৬ কোটি টাকারও বেশি লাফ দিয়েছে এই শেয়ার।

  • আদানি গ্রিন ও এনার্জি সলিউশন: সম্মিলিতভাবে প্রায় ২৯,০০০ কোটি টাকার উত্থান।

  • সিমেন্ট সেক্টর: অম্বুজা সিমেন্ট এবং এসিসি-র ভ্যালুয়েশন বেড়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন বাণিজ্য চুক্তির ফলে আদানির বন্দর ও শক্তি ক্ষেত্রগুলি সরাসরি লাভবান হবে। পাশাপাশি এনডিটিভি এবং সাংঘি ইন্ডাস্ট্রিজের মতো অপেক্ষাকৃত ছোট শেয়ারগুলোও আজ লাভের মুখ দেখেছে। সব মিলিয়ে, মার্কিন ধাক্কা সামলে আদানি গ্রুপ এখন ফের ভারতীয় শেয়ার বাজারের মধ্যমণি।