ট্রাম্পের ‘৫০ শতাংশ’ শুল্ক এখন অতীত! মোদী ম্যাজিকে আমেরিকার বাজারে পোয়াবারো ভারতের

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক চুক্তির রেশ কাটতে না কাটতেই বিশ্ববাণিজ্যে ফের বড় জয় ছিনিয়ে নিল ভারত। দীর্ঘদিনের ‘শুল্কযুদ্ধ’ (Tariff War) সরিয়ে রেখে সমঝোতার পথে হাঁটল আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফল আলোচনার পর কার্যত বদলে গিয়েছে ট্যারিফের গোটা সমীকরণ। এক সময়ের ৫০ শতাংশ শুল্কের বোঝা ঝেড়ে ফেলে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ভারত।

এক ধাক্কায় অনেকটা কমল কর: এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত কর এবং ২৫ শতাংশ পাল্টা শুল্ক বসিয়েছিলেন, যার জেরে মোট শুল্ক দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। কিন্তু নতুন চুক্তির ফলে সেই হার সরাসরি ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মজার বিষয় হলো, বর্তমানে চীন, পাকিস্তান এমনকি বাংলাদেশের তুলনায় অনেক কম শুল্কে আমেরিকার বাজারে পণ্য রফতানি করতে পারবে ভারত। বর্তমানে পাকিস্তানের ওপর আমেরিকার বসানো করের হার ১৯ শতাংশ, যেখানে ভারত এখন ১৮ শতাংশের ক্লাবে।

কেন সুবিধাজনক অবস্থানে ভারত? উন্নয়নশীল দেশগুলোর তালিকায় দক্ষিণ কোরিয়ার পর ভারতই এখন আমেরিকার বাজারে সবচেয়ে কম শুল্ক দেওয়ার সুযোগ পাচ্ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো এমনকি ব্রাজিলের মতো দেশগুলোকেও ভারতের তুলনায় অনেক বেশি শুল্ক দিতে হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের অটো সেক্টর, টেক্সটাইল এবং প্রযুক্তি শিল্পে বিপ্লব আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে এই জোড়া বাণিজ্যিক চুক্তি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রকেটের গতি দেবে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের রফতানি বাণিজ্যে এই চুক্তির প্রভাব আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।