কালীপুজো উপলক্ষে রাজ্যের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে মহা সমারোহে সম্পন্ন হলো মাতৃ আরাধনা। সারা বছরই ভক্তদের ভিড় থাকলেও, কালীপুজোর দিন তারাপীঠের মাহাত্ম্য ও আকর্ষণ থাকে একেবারেই অন্যরকম। সোমবার দীপাবলির রাতে সেই কারণেই তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল।
ভক্তদের বিশ্বাস, এই পীঠস্থানে মনস্কামনা নিয়ে এলে তা পূরণ হয়। সেই আশায় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে অসংখ্য ভক্ত তারামায়ের রাতুল চরণে নিজেদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করতে ভিড় করেন।
জানা গিয়েছে, সারারাত জুড়ে চলে মায়ের বিশেষ পুজো ও হোমযজ্ঞের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার-অনুষ্ঠান। মন্দিরের পুরোহিতরা অত্যন্ত নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করেন। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা রাত জেগে এই আরাধনায় অংশ নেন এবং তারামায়ের কাছে নিজেদের মনস্কামনা জানান। কালীপুজোয় তারাপীঠের এই ঐতিহ্যবাহী পুজো রাজ্যের আধ্যাত্মিক এবং ধর্মীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।





