‘জঙ্গলের রাজত্ব চলছে বাংলায়’! নাগরাকাটায় মাথা ফাটার পরেও মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ খগেন মুর্মু, গুরুতর অভিযোগ হাসপাতাল থেকে

জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা কাণ্ডে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মান্নান সরকার, যাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এই নিয়ে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৬।
তবে এই ঘটনায় একটি বড় অসঙ্গতি দেখা দিয়েছে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় যে ৮ জনের নামে FIR দায়ের করা হয়েছিল, পুলিশ এখনও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং ধৃত ৬ জনের কারও নামই FIR-এ নেই।
হাসপাতালে শুভেন্দু, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ খগেন
নাগরাকাটা কাণ্ডের পর গুরুতর জখম হয়ে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাংসদ খগেন মুর্মু। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হাসপাতালের বেডে শুয়েই এই ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছিলেন খগেন মুর্মু। তিনি বলেন, “আমরা প্রথমে যাই ত্রাণ দিতে, তারপর আমাদের বাধা দেওয়া হয়। বলা হয়, আপনারা এখান থেকে যান, না হলে খারাপ হবে। ধাক্কা মারতে মারতে আমাদের এলাকা থেকে সরানো হয়েছে। আমরা দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছি। গাড়ির দরজা খোলার চেষ্টা করে। জানালার কাচ ভেঙে দেয়, পাথর ছুড়ে মারে।” তিনি জানান, তাঁর তিন জায়গায় ফ্র্যাকচার হয়েছে।
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে যান এবং তাঁর চোটকে ‘সামান্য’ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, “উনি তো সবটাই ছোট সামান্য বলেন। ওনার চোখে কোনওটাই বড় ঘটনা নয়। এখানে জঙ্গলের রাজত্ব চলছে।”
বৃষ্টি-বিধ্বস্ত উত্তরবঙ্গেই বিজেপি নেতাদের উপর এই হামলার ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র তোলপাড় শুরু হয়েছে।