দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রহস্য আরও ঘনীভূত! গ্রেফতার সহপাঠীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ, বাড়ানো হল ‘ক্রাইম সিন’

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৬ দিনের বেশি সময় কেটে গেলেও, পুলিশ এখনও নিশ্চিত নয় যে এটি গণধর্ষণ, না কি ধর্ষণ। এই ঘটনার তদন্তে নেমে নির্যাতিতার সহপাঠী-সহ এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে একাধিক অসঙ্গতি মেলায় পুলিশ এখনও ঘটনার একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে।
সহপাঠীর বয়ানে অসঙ্গতি, তাই ঘটনাস্থলে
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার নির্যাতিতার সহপাঠীকে ফের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেখানেই তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া সহপাঠীর বয়ানে একাধিক অসঙ্গতি থাকার জন্যই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। সহপাঠীর সঙ্গে নির্যাতিতা ও বাকি অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখছে তদন্তকারীরা।
ক্রাইম সিন বাড়িয়ে ৫০ মিটার
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তথ্যপ্রমাণ যাতে লোপাট না হয়ে যায়, তার জন্য আগেই পুলিশ ক্রাইম সিন চিহ্নিত করেছিল। কিন্তু এদিন সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা ক্রাইম সিনের আয়তন আরও বাড়িয়ে দিলেন। আরও ৫০ মিটার এলাকা বাড়িয়ে দিয়ে ক্রাইম সিন চিহ্নিত করা হয়েছে।
তদন্তকারীদের মনে হয়েছিল ধৃত সহপাঠীর কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার চেষ্টা করার সময় ঘটনাস্থলটি আরও বিস্তৃত। সেই কারণেই আগের তুলনায় ক্রাইম সিন আরও ৫০ মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আবারও তল্লাশি চালাতে গিয়েছে ফরেন্সিক দল।
ক্যাম্পাস থেকে ৫০০ মিটার দূরে নৃশংসতা
জানা গিয়েছে, দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ক্রাইম সিন অর্থাৎ ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের দূরত্ব মাত্র ৫০০ মিটার। পাকা রাস্তা থেকে একটি মাটির রাস্তা বেরিয়ে গিয়েছে, যা প্রায় একশো ফুট এগিয়ে দুইভাগে ভাগ হয়েছে— শ্মশান ও মন্দিরের দিকে দুটি পথ চলে গিয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই সরু মাটির রাস্তাতেই অপরাধ সংঘটিত হয়েছিল।