‘অপারেশন সিঁদুর’ নিয়ে ২৫ ঘণ্টা আলোচনা, জেনেনিন সংসদে আর কী কী রয়েছে আলোচ্য বিষয়?

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ‘অপারেশন সিঁদুর’ ইস্যু নিয়ে বিরোধীদের তীব্র স্লোগানিং এবং হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। তবে এই বিতর্কিত ইস্যুতে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। জানা গেছে, সংসদের বিজনেস অ্যাডভাইজরি মিটিংয়ে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার জন্য দুই কক্ষে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে, যা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।
বিজনেস অ্যাডভাইজরি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে বিতর্কের জন্য ১৬ ঘণ্টা এবং রাজ্যসভায় ৯ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, দুই কক্ষ মিলিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য মোট ২৫ ঘণ্টা সময় ব্যয় করা হবে। যদিও এই সপ্তাহে নয়, আগামী সপ্তাহ থেকে এই বিষয়ে বিতর্ক শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়:
‘অপারেশন সিঁদুর’ ছাড়াও এবারের অধিবেশনে মণিপুরের বাজেট নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। আয়কর বিল নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ১২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর বিজ্ঞানী শুভাংশু শুক্লার সফল মহাকাশ মিশন নিয়েও সংসদে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপস্থিতি দাবি বিরোধীদের:
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেন সংসদে উপস্থিত থাকেন – এমনটাই দাবি করেছেন বিরোধী দলের সাংসদরা। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বলেন, “প্রত্যেক দল এই মর্মে কেন্দ্রকে সমর্থন করেছিল। তাই আমরাও চাই আলোচনার সময়ে প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন।”
তবে, কংগ্রেস সংসদীয় দলের নেতা গৌরব গগৈ এই বৈঠক নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়ে কংগ্রেস সন্তুষ্ট নয়। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে না। কোনো আশ্বাসই দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।”
সোমবার অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে উত্তাপ ছড়ায়, যার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই দীর্ঘ আলোচনার সময় বরাদ্দ রাজনৈতিক মহলে বিতর্কের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার পালা, এই ২৫ ঘণ্টার বিতর্কে সরকার ও বিরোধীরা কোন পথে অগ্রসর হয় এবং কী ধরনের রাজনৈতিক প্রভাব ফেলে।