চুল পড়া নিয়ে চিন্তিত? সকালের মাত্র কয়েক মিনিটের এই রুটিন বদলে দিতে পারে চুলের চেহারা

দিনের শুরুটা যেমন হয়, সারাদিনের কাজের গতি ও শরীরের সুস্থতাও অনেকটাই তার ওপর নির্ভর করে। ঠিক তেমনি সকালের কয়েকটি সহজ অথচ কার্যকর অভ্যাস চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যস্ততার কারণে অনেকেই সকালে চুলের যত্নে অবহেলা করেন বা কিছু ভুল করে বসেন, যার ফলে চুল শুষ্ক হয়ে যাওয়া, আগা ফাটা বা চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। ত্বক ও চুলের যত্ন বিশেষজ্ঞদের মতে, সকালের রুটিনে সামান্য পরিবর্তন আনলে চুল আরও ঝলমলে ও মজবুত রাখা সম্ভব।
সকালে ঘুম থেকে ওঠার পরপরই চুল হালকাভাবে আঁচড়ানো উচিত, তবে তা অবশ্যই চুল শুকনো বা হালকা ভেজা থাকা অবস্থায় এবং মোটা দাঁতের চিরুনি দিয়ে। ভেজা অবস্থায় জোরেশোরে চুল আঁচড়ালে গোড়া আলগা হয়ে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। নিচের দিক থেকে জট ছাড়িয়ে ধীরে ধীরে ওপরের দিকে আঁচড়ালে চুলের ওপর অযথা টান পড়ে না।
সকালের নাশতা চুলের পুষ্টির জন্য অত্যন্ত জরুরি। চুলের মূল উপাদান হলো কেরাটিন নামের প্রোটিন, তাই সকালের খাবারে প্রোটিন, ভিটামিন, আয়রন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকা প্রয়োজন। ডিম, বাদাম, বীজ, দুধ বা মৌসুমি ফল ও শাকসবজি চুলের ফলিকলকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি স্বাভাবিক রাখতে সাহায্য করে। নাশতা বাদ দিলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে, যার প্রভাব চুলের স্বাস্থ্যেও পড়ে।
পর্যাপ্ত জল পান করা সকালের আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস। ঘুমের সময় শরীরে জলের ঘাটতি তৈরি হতে পারে, তাই সকালে উঠে জল খেলে শরীরের পাশাপাশি মাথার ত্বক বা স্ক্যাল্পও হাইড্রেটেড থাকে। শুষ্ক স্ক্যাল্পে খুশকি বা চুলকানির প্রবণতা বাড়তে পারে, যা চুল পড়ার পেছনে একটি কারণ হতে পারে। পাশাপাশি খুব গরম জল দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলা ভালো, কারণ অতিরিক্ত গরম জল চুলের প্রাকৃতিক তেল শুষে নিয়ে চুলকে রুক্ষ করে তোলে।
সকালে বাইরে বের হওয়ার আগে চুলকে ধুলোবালি ও রোদের তাপ থেকে সুরক্ষিত রাখাও প্রয়োজন। সরাসরি কড়া রোদ বা দূষণের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে চুলের উজ্জ্বলতা কমে যেতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, নিয়মিত চুলের ধরন অনুযায়ী যত্ন নেওয়া, খুব টাইট করে চুল না বাঁধা এবং হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার সীমিত রাখা। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের সঙ্গে সকালের এই ছোট ছোট অভ্যাসগুলো যুক্ত করলে চুল দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত থাকে।