লোকসভা ও বিধানসভায় আসন বৃদ্ধির প্রস্তাব, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর!

২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রস্তুতির মধ্যে ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ চালুর পথ তৈরি করতে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলোর আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব রয়েছে এই বিলগুলোতে।
এরই মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (X) পোস্ট করে মহিলা সংরক্ষণ নিয়ে নিজেদের অঙ্গীকার ফের স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান যে, নারী শক্তির কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা তাঁরা পূরণ করেই ছাড়বেন এবং মহিলা সংরক্ষণের বিরোধিতাকারী দলগুলো নারীদের অংশগ্রহণ বাড়ানো থেকে তাঁদের আটকাতে পারবে না।
‘এক্স’-এ করা পোস্টে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ কার্যকর করার পথে আসা প্রতিটি বাধা দূর করবে সরকার। বহু দশক ধরে সংসদ ও বিধানসভায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে মোদী জানান, দীর্ঘদিন ধরে যাঁরা এ লক্ষ্যে কাজ করেছেন তিনিও তাঁদের অন্যতম। সাক্ষাতের সময় বহু নারী এই প্রসঙ্গ তুলে ধরেছেন এবং অনেক বোন চিঠি লিখে নিজেদের কথা ও প্রত্যাশার কথা তাঁর সামনে রেখেছেন বলেও জানান তিনি।
সরকারের প্রস্তুতি প্রসঙ্গে জানা গেছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চায় কেন্দ্র। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে নারী শক্তি বন্দন আইন পাস হয়, যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।