৭৪০ কিমি সীমান্তে কড়া নজর! পাকিস্তান সীমান্তে আসছে পঞ্চম S-400, কেন এই বড় পদক্ষেপ?

পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর চেষ্টার মাঝেই সীমান্তে আকাশপথের নিরাপত্তা আরও জোরদার করতে চলেছে ভারত। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর আকাশপথ সুরক্ষিত করতে পঞ্চম S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আনার প্রস্তুতি চলছে।

কবে আসবে পঞ্চম S-400? সূত্রের দাবি, পঞ্চম S-400 ব্যবস্থা তৈরির কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী মাসে রাশিয়ায় যেতে পারে ভারতীয় বায়ুসেনার একটি পরিদর্শক দল। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বর্তমানে কোন সীমান্তে কী মোতায়েন রয়েছে? ভারতের হাতে বর্তমানে চারটি S-400 ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তিনটি মোতায়েন রয়েছে পঞ্জাব, রাজস্থান ও গুজরাতে। চতুর্থ ইউনিটটি রয়েছে অসমে, যা অরুণাচল প্রদেশ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবার পঞ্চম ইউনিটটি জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

কেন এই প্রস্তুতি? পাকিস্তানকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে চিন ও তুরস্ক। পাশাপাশি আমেরিকার তরফে পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের আধুনিকীকরণের উদ্যোগ এবং সৌদি আরবের আর্থিক সহায়তার মতো বিষয়গুলোও সামনে আসছে। এছাড়া ২০২৭ সালে পাকিস্তানকে চিনের J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনা নিয়েও ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ রয়েছে। পাশাপাশি PL-15E দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং HQ-9BE প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা চলছে।

কীভাবে কাজ করে S-400? রুশ তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, চালকবিহীন আকাশযান এবং আত্মঘাতী ড্রোনের মতো বিপদ ঠেকাতে এটি কার্যকর। গত বছরের অপারেশন সিঁদুরে এই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে, যেখানে পাকিস্তানের একাধিক সামরিক বিমান ও নজরদারি ব্যবস্থা ধ্বংস করার দাবি ওঠে। প্রতিরক্ষা আধিকারিকদের মতে, ভবিষ্যতের যুদ্ধে দূরপাল্লার আঘাত হানা ও প্রতিপক্ষের হামলা ঠেকানোর সক্ষমতাই বড় পার্থক্য গড়ে দেবে।