বিয়ের কার্ড ভেবে WhatsApp-এ ফাইল ডাউনলোড! নিমেষেই উধাও ১০ লক্ষ টাকা, গ্রেফতার ১

WhatsApp-এ বিয়ের নিমন্ত্রণপত্র এলে এবার থেকে চরম সতর্ক থাকুন! একটি বিয়ের কার্ড ডাউনলোড করতে গিয়েই বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন গুজরাতের সুরাটের এক ব্যক্তি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১০ লক্ষ ২ হাজার টাকা। এই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করেছে সুরাট পুলিশের সাইবার ক্রাইম শাখা।
কীভাবে ফাঁদে পড়লেন ওই ব্যক্তি? পুলিশ সূত্রে জানা গেছে, সুরাটের ওই ব্যক্তি WhatsApp-এ ‘wedding invitation.APK’ নামে একটি ফাইল পান। সেটি সাধারণ বিয়ের নিমন্ত্রণপত্র ভেবে তিনি ডাউনলোড করেন। কিন্তু ওই ফাইলটি আসলে ছিল একটি ক্ষতিকারক APK ফাইল। সেটি ডাউনলোড করার পরই তাঁর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ সাইবার প্রতারকদের হাতে চলে যায় বলে অভিযোগ।
এরপর ওই ব্যক্তির অজান্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ ২ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। তদন্তে পুলিশ জানতে পারে, প্রতারণার ওই টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হয়েছিল।
গ্রেফতার অভিযুক্ত, খোঁজ চলছে বাকিদের এই ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা ২৮ বছর বয়সি দেবেন্দ্র মালিককে গ্রেফতার করেছে সুরাট সাইবার ক্রাইম শাখা। পুলিশের অভিযোগ, প্রতারকদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছিলেন দেবেন্দ্র। অ্যাকাউন্টে প্রতারণার টাকা ঢোকার পর তা তুলে প্রতারকদের হাতে পৌঁছে দিতেন তিনি। এর বিনিময়ে প্রায় ২০ শতাংশ কমিশন রাখতেন অভিযুক্ত। এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কীভাবে বাঁচবেন এমন সাইবার প্রতারণা থেকে?
WhatsApp বা যেকোনও মেসেজিং অ্যাপে আসা অজানা বা সন্দেহজনক APK ফাইল ডাউনলোড বা ওপেন করবেন না।
বিয়ের কার্ড, RTO চালান, ব্যাঙ্ক KYC আপডেট কিংবা সরকারি প্রকল্পের নামে আসা অচেনা ফাইল নিয়ে সতর্ক থাকুন।
যেকোনও অ্যাপ শুধুমাত্র Google Play Store বা অনুমোদিত অ্যাপ স্টোর থেকেই ইনস্টল করুন।
অপরিচিত নম্বর বা উৎস থেকে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।