৬ বছরের বকেয়া ২৫০ কোটি টাকা ৩১ ডিসেম্বরেই অ্যাকাউন্টে! মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বছর শেষে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরাসরি রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আটকে থাকা বকেয়া টাকা পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিগত ছয় বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ইন্টারেস্ট সাবভেনশন বাবদ মোটা অঙ্কের টাকা আটকে ছিল। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সেই বকেয়া ২৫০ কোটি টাকা এবার ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যেই ১৫০ কোটি টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। বাকি থাকা অংশ ৩১ ডিসেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু বকেয়া টাকা মেটানোই নয়, মহিলাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতে একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে ইতিমধ্যেই ৩০০টি মাইক্রো প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই প্রকল্পগুলির পরিধি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে, যা রাজ্যের মহিলাদের আত্মনির্ভর হয়ে উঠতে নতুন দিশা দেখাবে।