ক্লিনচিট পেয়েও আইনি ফাঁসে বিসলেরি! জলের নমুনায় নয়া রাসায়নিকের হদিশ, বাড়ছে আতঙ্ক

ভারতের প্যাকেটজাত পানীয় জলের বাজারে অন্যতম জনপ্রিয় নাম ‘বিসলেরি’-কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিল। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) সম্প্রতি বিসলেরির একটি জলের নমুনাকে ‘অনিরাপদ’ ঘোষণা করে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দেওয়ার পর থেকেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে পরবর্তী পরীক্ষায় ওই নমুনাটি আগের অভিযোগ থেকে মুক্তি পেলেও নতুন এক রাসায়নিকের উপস্থিতি ঘিরে আইনি জট আরও তীব্র হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর। সেদিন বিসলেরির গোয়া কারখানা থেকে পানীয় জলের ছয়টি নমুনা সংগ্রহ করেছিল এফএসএসএআই। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা উত্তীর্ণ হলেও ষষ্ঠ নমুনাটিতে বিপত্তি দেখা দেয়। নিয়ম অনুযায়ী, পানীয় জলে ‘ব্রোমেট’-এর সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম হলেও, ওই নমুনায় ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে এমন এই রাসায়নিকের উপস্থিতির জেরেই নমুনাটিকে অনিরাপদ ঘোষণা করা হয়েছিল।

তবে প্রাথমিক রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে ২০২৫ সালের নভেম্বরে আপিল করে বিসলেরি কর্তৃপক্ষ। নিয়ম মেনে নমুনাটি দ্বিতীয়বার পরীক্ষার জন্য একটি রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হলে দেখা যায়, সেখানে ব্রোমেটের মাত্রা সম্পূর্ণ অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। এমনকি বিসলেরির তরফে একটি স্বাধীন ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হলেও ব্রোমেটের মাত্রা স্বাভাবিক পাওয়া যায়। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি সেই রিপোর্ট জমা দিয়ে সংস্থা ভেবেছিল বিতর্কের অবসান ঘটেছে।

কিন্তু জট পাকিয়েছে অন্য জায়গায়। রেফারেল ল্যাবরেটরির দ্বিতীয় পরীক্ষায় ব্রোমেটের মাত্রা স্বাভাবিক মিললেও, ওই একই নমুনায় ‘পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। এফএসএসএআই-এর মানদণ্ড অনুযায়ী, পানীয় জলে এই রাসায়নিকের সামান্যতম উপস্থিতিও গ্রহণযোগ্য নয়। মূলত এই দ্বিতীয় রাসায়নিকটির কারণেই রেফারেল ল্যাবও নমুনাটিকে সামগ্রিকভাবে ‘অনিরাপদ’ তকমা দেয় এবং তার ভিত্তিতেই ২২ নভেম্বর বিসলেরির বিরুদ্ধে ফুড সেফটি অ্যাক্ট, ২০০৬-এর অধীনে মামলার অনুমোদন দেয় এফএসএসএআই।

দুটি পরীক্ষার এই পরস্পরবিরোধী ফলাফল সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নমুনা সংরক্ষণের পদ্ধতি, পরীক্ষার সময়কাল কিংবা যন্ত্রাংশের সূক্ষ্ম তারতম্যের কারণে ফলাফলে এমন হেরফের হতে পারে। যদিও বিসলেরির দাবি, তারা ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষার পর জল বাজারজাত করে এবং গোয়ার ওই একটি ব্যাচ ছাড়া দেশের ১৪৩টি প্ল্যান্টের আর কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি।