২ কোটি টাকার সোফা কেনার অভিযোগ! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের হেফাজতে নিতে তৎপর লালবাজার

পুজোর পাস বিক্রির পাশাপাশি এ বার কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, মন্ত্রী থাকাকালীন ২ কোটি টাকার সোফা কেনার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে প্রাক্তন মন্ত্রীকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছে লালবাজার।
সূত্রের খবর, ইন্দ্রনীল সেনের মন্ত্রীত্বের সময়কালে হওয়া বিভিন্ন টেন্ডার খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের হাতে ২ কোটি টাকার একটি টেন্ডারের তথ্য আসে। ওই টেন্ডারের মাধ্যমে তথ্য ও সংস্কৃতি দফতরে বেশ কিছু সোফা কেনা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু বাস্তবে যে সোফাগুলো সরবরাহ করা হয়েছিল, সেগুলোর প্রকৃত বাজারমূল্য কত এবং ২ কোটি টাকা খরচ করে কেবল সোফাই কেনা হয়েছিল কি না—তা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। এই বিষয়ে আরও তথ্য জানতেই ইন্দ্রনীলকে ফের হেফাজতে নিতে চান লালবাজারের তদন্তকারীরা।
বর্তমানে জেল হেফাজতে রয়েছেন ইন্দ্রনীল সেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তদন্তে টেন্ডার দুর্নীতির নতুন একাধিক তথ্য সামনে এসেছে; যেখানে টেন্ডার ডাকা হলেও কাজ হয়নি বলে দেখা যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে প্রাক্তন মন্ত্রীকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী লালবাজারের গোয়েন্দারা। সে কারণেই তাঁকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।