ভাইপো অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় কাকা বাবুন! এফআইআর-এর আর্জি, তালিকায় কোন কোন অভিযোগ?

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ হলেন তাঁর কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। রক্তদান শিবিরে বাধা দেওয়া, সরকারি কাজে হস্তক্ষেপ এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন তিনি।
বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০২৪ সাল থেকে তৃণমূল সরকারের আমলে একাধিকবার হুমকি, ক্লাব দখল এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পাশাপাশি রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের অপমান করা হয়েছে এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দলের কর্মীদের বারবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবুন।
শুধু রক্তদান শিবিরে বাধা বা ভয় দেখানোই নয়, বাবুনের জমা দেওয়া অভিযোগপত্রে আরও একাধিক গুরুতর আইনি অভিযোগের উল্লেখ রয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে অপরাধমূলক বলপ্রয়োগের চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং বিচারবিভাগীয় কার্যক্রমে নিযুক্ত সরকারি কর্মচারীদের ইচ্ছাকৃতভাবে অপমান করার মতো ঘটনা ঘটেছে।
এমনকী ভারতের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে কাজ করা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে উসকানি দেওয়ার চেষ্টা এবং বিচারবিভাগ ও সাংবিধানিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্ররোচিত করার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়েছে ওই আবেদনপত্রে।