‘২০৫১ সাল পর্যন্ত কে বাঁচবে?’ বিশেষ বিমানে দিল্লি ছুটলেন মমতা! বিস্ফোরক ক্ষোভ কোন বিলে?

সোমবার শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার ঠিক আগেই নাটকীয় মোড় জাতীয় রাজনীতিতে। প্রথমে দিল্লি না যাওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত শনিবার রাতেই দিল্লিতে পৌঁছন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সেখানে ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি।
‘২০৫১ সাল পর্যন্ত কে থাকবে?’ বিস্ফোরক মমতা
দিল্লি পা রেখেই ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে তীব্র প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বিলকেই একযোগে নিশানা করে তাঁর বিস্ফোরক মন্তব্য, “খুবই খারাপ বিল। ২০৫১ সাল পর্যন্ত কেউ থাকবে কিনা, তাই কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না।”
নারীশক্তি প্রসঙ্গে পুরনো স্মৃতি উস্কে দিয়ে মমতা বলেন, “নারীশক্তির জন্য আমরাই সবচেয়ে বেশি লড়েছি। লোকসভার ভিতরে আমাদের উপর হামলা চালানো হয়েছিল, মনে আছে? আমি যখন সাংসদ ছিলাম, সেই সময়ের ফুটেজ বের করে দেখুন! মহিলা সংরক্ষণ বিল তো আগেই পাশ হয়ে গিয়েছে।”
বিশেষ বিমানের ব্যবস্থা, তবুও ‘অনিচ্ছুক’ ছিলেন মমতা?
এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে না যাওয়ারই মানসিক প্রস্তুতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় থাকাকালীনই নিজের সেই অবস্থানের কথা স্পষ্ট করেছিলেন তিনি। দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন, “আপনারা প্রতিদিন দেখছেন, আমার নির্বাচনী কেন্দ্রে কী ঘটছে। অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি কোথাও যেতে চাই না।”
তবে কেন তবে হঠাৎ দিল্লির পথে পা বাড়ালেন তিনি? মমতার কথায়, “বারবার আমাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবীণ নেতারা আমাকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আমি তাঁদের নাম বলব না। তবে তাঁরা আমার জন্য একটি বিশেষ বিমানেরও ব্যবস্থা করেছেন। আপাতত আমি রওনা হচ্ছি। কিন্তু ফিরে এসে যথাযথ পদক্ষেপ করব। বাংলা যেন তার নিজস্ব পরিচয় বজায় রাখে।”
সোমবারই সংসদে ডিলিমিটেশন বিল? চেন্নাই ছুটছেন রাহুল
অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামীকাল অর্থাৎ সোমবারই সংসদে ডিলিমিটেশন বিল পেশ করা হতে পারে। ইতিমধ্যে কেন্দ্রের এই বিলকে ডিএমকে সমর্থন করেছে বলে খবর সামনে আসায় অস্বস্তি বেড়েছে বিরোধী শিবিরে। এই পরিস্থিতিতে আজই চেন্নাই যাচ্ছেন রাহুল গান্ধী। সেখানে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ডিএমকে-কে ফের ইন্ডিয়া জোটে ফেরাতে ও এককাট্টা করতে এখন মরিয়া বিরোধী জোট।