১ অক্টোবর থেকে পকেট ফাঁকা হবে ব্যবসায়ীদের! হোয়াটসঅ্যাপ ব্যবহারে বড় বদল আনছে মেটা

ব্যবসার প্রসারে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business Platform) ব্যবহার করেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড়সড় আপডেট নিয়ে এল মেটা (Meta)। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে এতদিন ধরে চলে আসা বিনামূল্যে পরিষেবা পাওয়ার দিন শেষ হতে চলেছে। সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সার্ভিস মেসেজ (Service Message)-এর জন্যও ব্যবসায়ীদের পকেট থেকে টাকা খরচ করতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই নিয়মের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংস্থা।

ঠিক কী পরিবর্তন আসছে ১ অক্টোবর থেকে?

মেটার ঘোষণা অনুযায়ী, বিভিন্ন বাজারের সার্ভিস মেসেজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মেসেজগুলির রেট বা চার্জ অথেন্টিকেশন মেসেজের (Authentication message) দামের সমান করা হচ্ছে। ভারতসহ একাধিক দেশে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এতদিন ধরে ২৪ ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডোর (Customer service window) মধ্যে পাঠানো নির্দিষ্ট রিপ্লাই বা ইউটিলিটি মেসেজ বিনামূল্যে পাঠানোর সুবিধা মিলত। কিন্তু নতুন নিয়ম চালু হলে সার্ভিস মেসেজ এবং কাস্টমারের রেসপন্স হিসেবে পাঠানো ইউটিলিটি মেসেজ—উভয় ক্ষেত্রেই ব্যবসায়ীদের চার্জ দিতে হবে।

এর পাশাপাশি, মেটার পক্ষ থেকে আরও একটি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে যেসব ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তাঁদের অ্যাকাউন্টে সঠিক পেমেন্ট মেথড (Payment method) যুক্ত করবেন না, ১ অক্টোবর থেকে তাঁদের সার্ভিস মেসেজ ডেলিভারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সলিউশন প্রোভাইডারের মাধ্যমে অথবা সরাসরি প্ল্যাটফর্ম ব্যবহারকারী—উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

কাদের ওপর প্রভাব পড়বে এবং সার্ভিস মেসেজ আসলে কী?

স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই আর্থিক নিয়মটি শুধুমাত্র ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্যই প্রযোজ্য। সাধারণ চ্যাট বা ব্যক্তিগত ব্যবহারের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

প্রযুক্তিগত ভাষায়, সার্ভিস মেসেজ বলতে হিউম্যান কাস্টমার সার্ভিস প্রতিনিধি অথবা থার্ড-পার্টি এআই সলিউশনের (AI solution) মাধ্যমে পাঠানো নন-টেমপ্লেট রেসপন্সকে বোঝায়। এই ধরনের মেসেজ শুধুমাত্র ২৪ ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডো খোলা থাকলেই পাঠানো সম্ভব। ফলে নতুন মাসে ব্যবসায়িক খরচ যে কিছুটা বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।