১৬ ডিসেম্বর দেশে ফিরছেন হাসিনা? বিতর্কে মুখ খুলল ভারত, কড়া বার্তা জয়সওয়ালের

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ঘিরে তৈরি হওয়া জল্পনা ও বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। ঢাকার তরফে ওঠা যাবতীয় অভিযোগ ও দায় চাপানোর চেষ্টা খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে ভারতের কোনো ভূমিকা নেই। এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কোনো নাগরিক বৈধ ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে, তা প্রত্যর্পণ প্রক্রিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। ঢাকার পাঠানো প্রত্যর্পণের আবেদনটি প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া মেনেই বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। হাসিনার ১৬ ডিসেম্বরের পরিকল্পনা প্রসঙ্গে মুখপাত্রের বক্তব্য, বিষয়টি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যে সীমাবদ্ধ এবং এ নিয়ে আর কিছু বলার নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দিলেও, সমস্ত অভিযোগ অস্বীকার করে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এর আগে দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা।

অন্যদিকে, এদিনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল জানান, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ভারত উদ্বিগ্ন এবং এই ধরনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলা গঙ্গার জলবণ্টন চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গা-সহ আন্তঃসীমান্ত নদীগুলির সমস্যা সমাধানে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে।