থানার ব্যারাকেই ঝুলন্ত দেহ পুলিশকর্মীর, রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁশদ্রোণীতে

বাঁশদ্রোণী থানার ব্যারাকের ভিতর থেকে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার (৪০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি কলকাতা পুলিশের চালক পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকের দোতলার একটি ঘরে একাই থাকতেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে ব্যারাকের অন্য পুলিশকর্মীরা নিজেদের কাজে নীচে নেমে এলেও ওই ঘর থেকে বের হননি তিনি। দীর্ঘক্ষণ তাঁর সাড়া না পেয়ে সহকর্মীরা উপরে গিয়ে ডাকাডাকি শুরু করেন। ভিতর থেকে কোনও উত্তর না মেলায় সন্দেহ তৈরি হয়।
এরপর দরজা ভেঙে ঘরে ঢুকতেই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সকাল ৮টা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই অনুমান করছে পুলিশ। তবে কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্তে নেমে সঞ্জয়ের মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার তত্ত্বের পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পারিবারিক কোনও চাপ বা সমস্যা ছিল কি না, তা জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক দিনগুলিতে সঞ্জয়ের আচরণে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েছিল কি না, তা জানতে সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।