১০ টাকার নোট কি সত্যিই বাতিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবিতে আতঙ্ক, জেনে নিন আসল সত্য

বাজারে ১০ টাকার নোট নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে দমদম থেকে নাগেরবাজারের মতো ব্যস্ত অটো রুটগুলিতে খুচরো টাকার সংকট এবং ছেঁড়া নোটের ভিড় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি নোটবন্দির মতো আবারও বাতিল হতে চলেছে ১০ টাকার নোট? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, বিষয়টি যতটা না আইনি, তার চেয়েও বেশি একটি সামাজিক গুজব।

বিভ্রান্তির মূলে ছেঁড়া নোট: যাত্রীদের অভিযোগ, অটো বা টোটোতে উঠলে অনেক সময় এমন ১০ টাকার নোট ফেরত আসে যা প্রায় তিন-চারবার জোড়া লাগানো বা পোড়া। এসব নোট বাজারে কেউ নিতে চায় না। আর এই সমস্যার ফলেই অনেকে ধারণা করছেন যে, সম্ভবত ১০ টাকার নোটের ভবিষ্যৎ ফুরিয়ে এসেছে। অটোচালকদের পাল্টা দাবি, বাজারে খুচরোর আকাল থাকায় তাঁরাও নিরুপায়। যাত্রীদের থেকে যা পান, তাই ফেরত দিতে হয়।

কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বা ভারত সরকারের তরফে ১০ টাকার নোট বাতিল সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অর্থাৎ, বাজারে প্রচলিত সব ধরনের ১০ টাকার নোট এখনও সম্পূর্ণ বৈধ এবং লিগ্যাল টেন্ডার। তবে ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া নোটের পরিবর্তে আরবিআই সময়ে সময়ে নতুন সিরিজের (যেমন চকোলেট ব্রাউন রঙের কোণার্ক সূর্য মন্দির থিমযুক্ত নোট) নোট বাজারে আনে। এর অর্থ পুরনো নোট বাতিল হওয়া নয়, বরং জরাজীর্ণ নোটগুলি বদলে নতুন নোটের সরবরাহ বাড়ানো।

ভোগান্তি ও সমাধান: ইউপিআই (UPI) বা কিউআর কোড স্ক্যানার অনেক জায়গায় চালু হলেও প্রান্তিক এলাকায় এখনও কাগজের নোটই ভরসা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো নোট যদি জরাজীর্ণ হয় তবে তা ব্যাঙ্কে গিয়ে বদলানো সম্ভব। গুজবে কান দিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে ১০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই।