হোটেলের স্বাদ এবার ঘরেই! রেস্তোঁরার থেকেও দারুণ স্বাদের রেড ও হোয়াইট সস পাস্তা বানানোর সহজ সিক্রেট

সকালের ঝটপট ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের স্ন্যাক্স—ইতালীয় এই খাবারটি এখন বাঙালির হেঁশেলে বড্ড আপন। ছোট থেকে বড়, সকলেরই প্রথম পছন্দ সুস্বাদু পাস্তা। সাধারণত রেড সস এবং হোয়াইট সস—এই দুই জনপ্রিয় স্টাইলেই পাস্তা খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন খাদ্যরসিকরা। রেস্তোরাঁর মতো সেই নিখুঁত স্বাদ আর ক্রিমি টেক্সচার এবার ঘরেই আনতে পারেন খুব সহজে। রইল দুই পদের সুস্বাদু পাস্তা বানানোর সহজ পদ্ধতি।

রেড সস পাস্তা রেসিপি
প্রয়োজনীয় উপকরণ:

পাস্তা: ৪০০ গ্রাম

টমেটো: ৩-৪টি (সেদ্ধ করা)

রসুন কুচি: ২ টেবিল চামচ

পেঁয়াজ: ২টি (বড় টুকরো করা)

তেজপাতা: ১টি

পুদিনা পাতা কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল ও নুন স্বাদমতো।

বানানোর পদ্ধতি:
১. প্রথমে টমেটো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিন। অন্য পাত্রে সামান্য নুন ও তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।
২. কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা ও রসুন কুচি ফোড়ন দিন। রসুন হালকা সোনালী হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।
৩. পেঁয়াজ নরম হলে টমেটো বাটা দিয়ে মাঝারি আঁচে মিনিট পাঁচেক কষিয়ে নিন। এরপর চিলি ফ্লেক্স, পুদিনা পাতা কুচি, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন।
৪. মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু রেড সস পাস্তা।

হোয়াইট সস পাস্তা রেসিপি
প্রয়োজনীয় উপকরণ:

সেদ্ধ পাস্তা: ৪০০ গ্রাম

মাখন: ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার: ২ চা চামচ

দুধ: ২৫০ মিলি

রসুন কুচি: ৪ কোয়া

লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি, সুইট কর্ন ও সেদ্ধ ব্রকলি

গোলমরিচ গুঁড়ো ও নুন স্বাদমতো।

বানানোর পদ্ধতি:
১. প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে ক্যাপসিকাম, সুইট কর্ন ও ব্রকলি হালকা ভেজে নিন। এরপর সামান্য জল, নুন ও গোলমরিচ দিয়ে সবজিগুলি আধসেদ্ধ করে তুলে রাখুন। আলাদা পাত্রে পাস্তাও সেদ্ধ করে নিন।
২. এবার হোয়াইট সস তৈরির জন্য প্যানে মাখন গরম করে গ্রেট করা রসুন দিয়ে এক মিনিট ভাজুন। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়ুন।
৩. ধীরে ধীরে দুধ ঢালতে থাকুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা না পাকিয়ে যায়। প্রয়োজনমতো নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ক্রিমি সস তৈরি করুন।
৪. সস তৈরি হয়ে গেলে তাতে সেদ্ধ সবজি ও পাস্তা মিশিয়ে ভালোভাবে কোট করে নিলেই তৈরি রেস্তোরাঁ স্টাইলের হোয়াইট সস পাস্তা।