হিজাব ছাড়া কনসার্টের জের! ইরানি গায়িকা ও দলকে ৭৪ বার বেত্রাঘাত

হিজাব না পরে অনলাইন কনসার্টে গান গাওয়ার জেরে প্রখ্যাত ইরানি গায়িকা পারাস্তু আহমাদি এবং তাঁর দলের আরও চার সদস্যকে প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর এই সাজা কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বরে সম্প্রচারিত ওই কনসার্টের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চলতি বছরের জুনে একটি ইরানি আদালত এই দণ্ডাদেশ দেয়।
আদালতের রায়ে পারাস্তু আহমাদি ও তাঁর দলের আরও নয় সদস্যকে প্রত্যেককে ৭৪টি করে বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং দুই বছরের জন্য শৈল্পিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সোমবার পারাস্তুসহ মোট পাঁচজনকে এই বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।
পারাস্তু আহমাদির আইনজীবী মুস্তফা নিলি এমতেদাদ নিউজকে জানিয়েছেন, পারাস্তুর পাশাপাশি ব্যান্ডের সদস্য সোহেল ফাগিহ, আমিন তাহেরি এবং আমির আলি পিরনিয়াকে শাস্তি দেওয়া হয়েছে। চতুর্থ ব্যক্তি হিসেবে সাজা পেয়েছেন কনসার্টের আয়োজক মহসেন লশকারি। এদিন পারাস্তুসহ এই চারজনকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয় এবং তাঁদের বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কনসার্টটি ২০২৪ সালের ১১ ডিসেম্বর ইরানের কোম শহরের কারভানসরাইতে অনুষ্ঠিত হয়েছিল। কোনো দর্শক ছাড়াই হওয়া ওই অনুষ্ঠানের ভিডিও ইউটিউবে স্ট্রিম করা হয়, যেখানে পারাস্তুকে স্লিভলেস পোশাকে দেখা গিয়েছিল।
ভিডিওটি কয়েক দিনের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ পায়। এরপরই পারাস্তুকে গ্রেপ্তার করা হয়। তাঁর এবং ব্যান্ডের অন্য সদস্যদের বিরুদ্ধে অশ্লীল ও অনৈতিক সামগ্রী তৈরি ও প্রচার এবং অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছিল, যার প্রেক্ষিতেই এই সাজা কার্যকর করা হয়েছে।