আসলের বদলে নকল মূর্তি, ২৮ বছর পর মন্দিরে ফিরছে ১৬০০ বছরের পুরোনো নটরাজ

রাজস্থানের বারোলির ঘাটেশ্বর মহাদেব মন্দির থেকে ২৮ বছর আগে চুরি হয়ে যাওয়া ১৬০০ বছরের পুরোনো দুর্লভ নটরাজ মূর্তিটি লন্ডন থেকে ফিরে এসেছে। শীঘ্রই মূর্তিটিকে মন্দিরে তার আসল স্থানে পুনরায় স্থাপন করা হবে। জানা গেছে, ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে চোরেরা আসল মূর্তিটি সরিয়ে সেখানে একটি নকল মূর্তি রেখে গিয়েছিল।
চুরি যাওয়া মূর্তিটি পাচার হয়ে লন্ডনে পৌঁছে যায়। সেখানে একটি ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে ২০০৫ সালে ভারতীয় হাইকমিশন মূর্তিটি সংগ্রহ করে এবং ২০২০ সালের ৩০ জুলাই তা ভারতে আনা হয়। দেশে ফেরার পর মূর্তিটি প্রথমে দিল্লির একটি জাদুঘরে এবং পরবর্তীতে চিতোরগড় জাদুঘরে সংরক্ষিত ছিল।
ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা এএসআই-এর তত্ত্বাবধানে থাকা এই দুর্লভ প্রতিমাটি প্রাচীন আমলের বলে বিবেচিত হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে মূর্তিটিকে চিতোরগড় থেকে বারোলিতে নিয়ে এসে মূল মন্দিরে স্থাপন করার প্রক্রিয়া শুরু করেছেন বিভাগীয় কর্মকর্তারা।
এএসআই-এর আঞ্চলিক পরিচালক (পশ্চিম) টি. শ্রীলক্ষ্মী জানিয়েছেন, চিতোরগড় থেকে মূর্তিটি বারোলিতে আনার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কথায়, এই মূর্তি ভারতে ফেরায় রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি পেয়েছে। চুরির ঘটনাটি একসময় ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছিল এবং দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তা নিজের মূল স্থানে ফেরার পথে।