হাসিনার দেশে ফেরার বার্তার পরই শুরু ঘরমুখী তৎপরতা! মহদিপুর সীমান্ত দিয়ে ফিরলেন নেতা

সামনের মাসেই বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা—এমন খবরের পরেই কি দেশছাড়া আওয়ামি লিগের নেতাদের মধ্যে ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে? প্রায় দু’মাস এদেশে কাটানোর পর মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান ও তাঁর সঙ্গীরা। তাঁর দাবি, নেত্রীর দেশে ফেরার বার্তার পরই তাঁর মতো বহু নেতা ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, বাংলাদেশে নতুন করে অস্থিরতার আবহে মহদিপুর সীমান্তে উদ্বেগ বাড়ছে এবং ওপারে গাড়ি নিয়ে যেতে আতঙ্কে রয়েছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা।

মহদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে দু’দেশের মধ্যে যাতায়াত এবং বৈদেশিক বাণিজ্য চলে। সাম্প্রতিক দিনগুলোতে এই সীমান্তে নাগরিকদের যাতায়াতে বাড়তি ব্যস্ততা দেখা যাচ্ছে, বেড়েছে বাংলাদেশিদের যাতায়াতও। ভারতে বিভিন্ন কাজে আসা বাংলাদেশিদের অনেকের মুখেই শেখ হাসিনার প্রসঙ্গ শোনা যাচ্ছে—কেউ তাঁকে আবার ক্ষমতায় দেখতে চাইছেন, আবার কারও মতে, যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই মূল প্রত্যাশা।

আওয়ামি লিগ নেতাদের প্রত্যাবর্তন

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগের অনেক নেতাই এদেশে চলে এসেছিলেন। তাঁদের অনেকেরই এবার দেশে ফেরার প্রবণতা চোখে পড়ছে। মহদিপুর সীমান্তে দেখা মেলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আওয়ামি লিগ জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান ওরফে মিঠুর। তাঁর দাবি, নিরাপত্তার আশঙ্কায় গত দু’মাস বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন তিনি এবং নেত্রী শেখ হাসিনার ফেরার বার্তা পেয়েই দেশে ফিরছেন। তাঁর মতো আরও অনেক নেতা দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন বলে দাবি করেছেন তিনি। হাবিবুরের বক্তব্য, আওয়ামি লিগ এখন একত্রিত, নেত্রীকে দেশে স্বাগত জানানো হবে এবং কোনো সরকার তাঁকে আটকাতে পারবে না।

সংখ্যালঘু ও সাধারণ নাগরিকদের মত

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যেও চাপা আলোচনা চলছে। বাংলাদেশ থেকে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা ডলি সাহা ও ভানুরানী ঘোষ জানান, সেদেশের পরিস্থিতি মাঝেমধ্যে অশান্ত হয়ে উঠছে, অনেক সংখ্যালঘু পরিবারে নির্যাতন ও বাড়িঘর পোড়ানোর ঘটনা ঘটেছে, ফলে শেখ হাসিনা ফিরলে পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন তাঁরা।

অন্যদিকে, সাধারণ বাংলাদেশিদের একাংশের বক্তব্য, নির্দিষ্ট কোনো দল নয়, মুখে ভালো কথা বলার বদলে যাদের দেশ চালানোর যোগ্যতা রয়েছে এবং যারা দেশকে ভালোভাবে চালাতে পারবে, সাধারণ মানুষ তাদের পাশেই থাকবেন। পাশাপাশি আওয়ামি লিগ এখন প্রকাশ্যে ঘুরছে বলেও উল্লেখ করেছেন তাঁরা।

সীমান্ত বাণিজ্যে আতঙ্ক ও বাড়তি নজরদারি

রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অস্থিরতার ছায়া সীমান্ত বাণিজ্যেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওপারে পণ্যবাহী ট্রাক নিয়ে যেতে ভয় পাচ্ছেন এপারের চালক ও খালাসিরা; দ্রুত শান্তি ফিরলে তাঁরা নির্ভয়ে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন।

মহদিপুর চেকপোস্ট সূত্রে জানা গেছে, আগে এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন নাগরিক বৈধ পাসপোর্টে যাতায়াত করতেন, যা বেড়ে এখন প্রায় ২০০ থেকে ২২০ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক চলাচল করে। পরিস্থিতির ওপর নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর।