ভুয়ো GST আধিকারিক সেজে সোনা হাতিয়ে চম্পট! পার্ক স্ট্রিটের ঘটনায় চাঞ্চল্য

পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে প্রায় ২ কোটি টাকার সোনা লুঠের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জিএসটি (GST) আধিকারিক পরিচয় দিয়ে একটি গোল্ড-ডায়মন্ড স্টোর কাম অফিসে হানা দেয় দুষ্কৃতীরা এবং সেখান থেকে প্রায় ২ কেজির কাছাকাছি ওজনের সোনা নিয়ে চম্পট দেয়। দুই দিন পর সিজার লিস্ট দেওয়া হবে বলেই সোনা তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার তদন্তে গিয়ে পুলিশ দেখে, সংশ্লিষ্ট স্টোর কাম অফিসটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের মালিকেরও কোনও খোঁজ মিলছে না বলে পুলিশ সূত্রে খবর।
কীভাবে ঘটল ঘটনা?
প্রাথমিক তথ্য অনুযায়ী, কারনানি ম্যানসনের ওই গোল্ড-ডায়মন্ড স্টোর কাম অফিসে জিএসটি অফিসার পরিচয়ে অভিযান চালানো হয়। সেই সময় প্রায় ২ কেজি ওজনের সোনা লুঠ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। সিজার লিস্ট দুই দিন পর দেওয়া হবে—এই অজুহাতেই সোনা সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
রহস্য বাড়াচ্ছে মালিকের অনুপস্থিতি
লুঠের ঘটনার পর পুলিশ তদন্তে নেমে কার্যত ধন্দে পড়েছে। স্টোর কাম অফিস বন্ধ থাকার পাশাপাশি মালিকের খোঁজ না পাওয়ায় পুরো ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। এটি নিছক ভুয়া অফিসার সেজে লুঠ, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।