হাত নাড়লেই খুলবে দরজা! ৩ডি ফেস ও টু-কে ক্যামেরাসহ শাওমির নতুন স্মার্ট ডোর লক

বাড়ির নিরাপত্তায় নতুন প্রযুক্তি যুক্ত করে চীনে নতুন ‘স্মার্ট ডোর লক ৫ ফেস রেকগনিশন এডিশন’ এনেছে শাওমি। এতে থ্রিডি ফেস রেকগনিশন, পাম ভেইন স্ক্যানিং, টু-কে ক্যামেরা এবং মোট ১৩টি আনলক করার সুবিধা রাখা হয়েছে। ইতিমধ্যে স্মার্ট লক ৫ এবং ৫সি মডেলের পর এই নতুন সংস্করণটি বাজারে আনা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে এই লকে ডুয়াল-লেন্স থ্রিডি ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রায় এক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীর মুখ শনাক্ত করতে পারে এবং সম্পূর্ণ অন্ধকারেও কাজ করতে সক্ষম। পাশাপাশি ছবি বা ভিডিও দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা আটকাতে এতে থ্রিডি লাইভনেস ডিটেকশন ব্যবস্থা রয়েছে। হাত স্পর্শ না করেই ১২ থেকে ২০ সেন্টিমিটার দূর থেকে হাতের তালুর শিরা স্ক্যান করে দরজা খোলার সুবিধাও রাখা হয়েছে, যা শিশু ও বয়স্কদের পাশাপাশি ভেজা হাতেও ব্যবহার করা যায়।

নিরাপত্তা ও নজরদারির জন্য লকটিতে রয়েছে ৩ মেগাপিক্সেল সেন্সরসহ টু-কে পিপহোল ক্যামেরা এবং ১৬০ ডিগ্রি ফিল্ড অব ভিউ। এর সঙ্গে যুক্ত থাকা ২৪ গিগাহার্টজ মিলিমিটার-ওয়েভ রাডার ও এআই হিউম্যান ডিটেকশন দরজার সামনে কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও রেকর্ড শুরু করে এবং ফোনে সতর্কবার্তা পাঠায়। ভেতরের দিকে রয়েছে ৩.৯৭ ইঞ্চির ডিসপ্লে, আর স্মার্টফোন, শাওমি টিভি বা স্মার্ট হোম ডিসপ্লের মাধ্যমেও দরজার বাইরের দৃশ্য দেখা যায়।

মোট ১৩টি আনলক পদ্ধতির মধ্যে রয়েছে থ্রিডি ফেস, পাম ভেইন, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, ব্লুটুথ, এনএফসি, রিমোট অ্যাক্সেস এবং মেকানিক্যাল চাবি। ৫,০০০ এমএএইচ লিথিয়াম প্যাক ও চারটি এএ ব্যাটারিতে এটি প্রায় ১০ মাস পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে, এবং জরুরি পরিস্থিতির জন্য ইউএসবি-সি পোর্টও রয়েছে।

চীনের বাজারে প্রি-সেল বা প্রাক-বিক্রির ক্ষেত্রে লকটির দাম রাখা হয়েছে ২,১১৬ ইউয়ান, আর জাতীয় ভর্তুকি বা সাবসিডি ধরলে তা নেমে আসছে ১,৭৯৯ ইউয়ানে, যেখানে এর তালিকাভুক্ত মূল্য ৩,২৯৯ ইউয়ান। আপাতত এটি শুধুমাত্র চীনের বাজারেই আনা হয়েছে; অন্যান্য দেশে কবে আসবে সে বিষয়ে এখনও কোনও ঘোষণা দেওয়া হয়নি।