‘নন্দিনীকে কখনই ভালোবাসিনি’! রাজবীরের বিস্ফোরক দাবির পরই রহস্যময় পোস্ট অভিনেত্রীর

বিগ বস বাংলায় রাজবীর দে-র সাম্প্রতিক মন্তব্য ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। এক কথোপকথনে রাজবীর দাবি করেছেন, তিনি নন্দিনী দত্তকে কখনই ভালোবাসেননি। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত, যা ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বুধবার নন্দিনী দত্ত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা মূলত তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে করা একটি পোস্ট। ওই পোস্টে লেখা রয়েছে, ‘বারবার একই ধরনের আচরণ, কাজ পরিবর্তনের আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়। আর কোনও আশা থাকে না।’ রাজবীরের মন্তব্যের পরপরই নন্দিনীর এই পোস্টকে অনেকেই পাল্টা ইঙ্গিত হিসেবে দেখছেন।
অন্যদিকে, বিগ বস বাংলার অন্দরে সৌরভ দাসের সঙ্গে আড্ডার ছলে রাজবীর দে নিজের অবস্থান স্পষ্ট করেন। তাঁর দাবি, নন্দিনী কোনও সময়ই তাঁর প্রেম ছিলেন না এবং প্রথম দিন যেভাবে কথা বলেছিলেন, তাতে নন্দিনী তাঁর লিস্টেই ছিলেন না। রাজবীরের কথায়, তিনি লাভ অ্যাঙ্গেল তৈরি করতে চাননি; বরং সৃজলা ও জিতুর সম্পর্কের মতো করেই এগোতে চেয়েছিলেন।
রাজবীর আরও জানান, বাড়িতে ঢোকার পর প্রথম থেকেই তাঁর নজর ছিল সৃজলার দিকে, কারণ প্রথম দিন সৃজলাই তাঁকে খাবারের কথা বলেছিলেন। পরবর্তীতে নন্দিনীর সঙ্গে ডেট এবং ভালোবাসার প্রসঙ্গ এলেও, সেই সময়কার আচরণ নিয়ে নিজেই মন্তব্য করেছেন রাজবীর। পাশাপাশি নন্দিনীর সঙ্গে ভালোবাসার প্রসঙ্গের পাশাপাশি সৃজলার সঙ্গে খুনসুটির কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।