সুপ্রিম কোর্টের মৌখিক পর্যবেক্ষণ, ‘স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা নাও পেতে পারেন’

 নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনে যখন দিল্লি উত্তাল হয়, সেই সময় সাংবাদিকদের একাংশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। একদিকে কয়েকজন সাংবাদিকের অভিযোগ ছিল, তাঁদের হেনস্থার শিকার হতে হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ সাংবাদিকদের পরিচয়পত্র দেখাতে বলছিল। সেই সময়কার একটি মামলায় এবার সাংবাদিকদের স্বাধীনতা ও সুযোগ নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট।

আন্দোলনের সময় সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী মৌখিক পর্যবেক্ষণে বলেছেন, “স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা নাও পেতে পারেন।”

বিচারপতি বাগচী ব্যাখ্যা করেন, সাংবাদিক হিসেবে মর্যাদা আপনা থেকে অর্জন করা যায় না। কোনও সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়ার সাংবাদিক হলে, প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত বা অ্যাক্রিডিটেড সাংবাদিক হলে, সংবাদপত্রের সঙ্গে থাকা টিভি চ্যানেলের সাংবাদিক হলে স্বীকৃতি পাওয়া যায়। অনলাইনে সাংবাদিক হলেও রেজিস্ট্রেশন থাকতে পারে। তবে এমন ব্যক্তিরা নিজেদের সাংবাদিক বলে দাবি করছেন। স্বঘোষিত সাংবাদিকদের স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা না-ও থাকতে পারে। পাশাপাশি বিচারপতি আরও উল্লেখ করেন যে সাংবাদিকদের স্বাধীনতা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার মধ্যে ভারসাম্য রক্ষা হওয়া উচিত।

দিল্লি পুলিশও এই অবস্থান নিয়েছে যে, বিক্ষোভের কভারেজের সময় ‘রিল-মেকার’ বা ‘কনটেন্ট-ক্রিয়েটর’রা সাংবাদিকদের জন্য বরাদ্দ থাকা সুরক্ষা দাবি করতে পারেন না।

বিচারপতি বাগচী এই মামলায় আরও বলেন, “একজন সাংবাদিকের পরিচয় জানা জরুরি। তিনি কি প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত? নাকি কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলে কর্মরত? নাকি সোশ্যাল মিডিয়ায় যাঁরা রিল তৈরি করছেন।”

আইনজীবীদের তরফে যুক্তি দেওয়া হয় যে, বিক্ষোভের সময় যখন মানুষজনকে সরিয়ে দেওয়া হয়, তখন ঘটনাস্থলে এভাবে বিচার করা যায় না। তবে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, এসওপি তৈরি হলেও তা সাংবাদিকের পরিচয়ের উপর নির্ভর করবে।

কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (KUWJ)-এর তরফে এই আবেদন করা হয়েছিল। আবেদনকারীদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট পি ভি দীনেশ ৭ জন সাংবাদিকের কথা তুলে ধরেন। বিচারপতি বাগচী বলেন, “আমরা প্রথমে খতিয়ে দেখব, কোনও জমায়েত বা বিক্ষোভের পরিস্থিতিতে একজন সাংবাদিক কতদূর পর্যন্ত যেতে পারেন। একজন সাংবাদিকের কোনও বিশেষ সুবিধা পাওয়ার কথা আছে কি না।” বিক্ষোভের সময় সাংবাদিকরা কোনও বিশেষ অধিকার পান কি না, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। এদিন মামলাটি নিষ্পত্তি করে তদন্তের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, এই পর্যবেক্ষণ সাংবাদিকদের পরিচয় ও সুরক্ষা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। একাংশের মতে, স্বঘোষিত সাংবাদিকদের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, এই পর্যবেক্ষণ সাংবাদিকতার স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে। তবে আদালত স্পষ্ট করেছে, সাংবাদিকদের স্বাধীনতা ও আইনশৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি।

Pratik Saha
  • Pratik Saha