অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়, অভিযোগ—সরকারি কাজে বাধা, ভয় দেখানো ও ক্লাব দখল

 পরিবারের বিবাদ এবার পৌঁছল থানার দরজায়। ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তাঁর কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে সরকারি কাজে বাধা, ভয় দেখানো এবং ক্লাব দখলের মতো একাধিক অভিযোগ তুলেছেন তিনি।

শুধু অভিযোগ দায়ের করেই থামেননি বাবুন। তাঁর আবেদন, অভিযোগটিকে সাধারণ ডায়েরি হিসেবে না রেখে এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করুক পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার কালীঘাট থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন বাবুন। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসনকালে হুমকি ও ভয় দেখানোর সংস্কৃতি শুরু হয়েছে, যা এখনও অব্যাহত। সরকারি কাজে বাধা দেওয়া, ক্লাব দখল এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ভয় দেখানোর মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাবুনের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনেক কিছু সহ্য করেছেন। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাঁকে। একটি রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, এই ধরনের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ ও সরকারি কর্মীদের দৈনন্দিন কাজে বাধা সৃষ্টির বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বিচারব্যবস্থাকে আক্রমণ করার মতো সংবেদনশীল অভিযোগও তুলেছেন বাবুন।

কালীঘাট থানায় জমা দেওয়া চিঠিতে বাবুন স্পষ্ট জানিয়েছেন, তাঁর অভিযোগকে যেন নিছক সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত না করা হয়। বরং নির্দিষ্ট আইনি ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে। তবে, অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দায়ের হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপড়েন নতুন নয়। অতীতেও পরিবারের অন্দরের মতপার্থক্য এবং বাবুনের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। একসময় প্রকাশ্যেই বাবুনকে ত্যাজ্য ভাই করার কথা ঘোষণা করেছিলেন মমতা।

সাম্প্রতিক সময়েও বাবুনের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলেছে। নিজের এলাকার পুজোর উদ্বোধনে শুভেন্দুকে আমন্ত্রণ জানানো এবং তাঁর প্রতি প্রকাশ্যে সৌজন্য দেখানোর ঘটনাও সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছিল।

আগে কেন অভিযোগ জানাননি, ব্যাখ্যা দিতে গিয়ে বাবুনের দাবি, “আগে যোগাযোগ করার সুযোগ পেলে হয়তো এভাবে কষ্ট পেতে হত না। দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করেছি। কিন্তু নিজের কষ্ট কাউকে বুঝতে দিইনি। সবটা নিজের মধ্যেই রেখেছিলাম। অনেক ঘটনা ঘটেছে। আমার মনে হয়েছে, এই সময় প্রতিবাদ করা প্রয়োজন। সেই কারণেই আজ সাড়া দিয়েছি।”

একই সঙ্গে তিনি বলেন, “আমি বহুদিন ধরেই একঘরে ছিলাম, এখনও রয়েছি। এই একঘরে অবস্থাতেই আমরা থাকতে চাই। সরাসরি হুমকি দেওয়া হয়েছিল বলেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। ধীরে ধীরে সবটা জানাব।”

এখানেই না থেমে বাবুনের আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর মতো সুযোগও পাননি। তাঁর কাছে পৌঁছতেই দেওয়া হত না। পুলিশ দিয়ে আটকে দেওয়া হত।

বাবুনের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর।

Pratik Saha
  • Pratik Saha