মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিচ্ছে মাত্র ২০-৩০% ভারতীয় রফতানি, উদ্বেগ প্রকাশ আরবিআই গভর্নরের

মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-এর অধীনে শুল্ক ছাড়ের সুবিধা ভারতীয় রফতানিকারকদের মাত্র ২০ থেকে ৩০ শতাংশ নিচ্ছেন, যেখানে অংশীদার দেশগুলি থেকে ভারতে আসা রফতানির ৬০ থেকে ৭০ শতাংশ এই সুবিধা পাচ্ছে। আজ এই তথ্য জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি শিল্প সংস্থাগুলিকে তাদের পণ্যের সঙ্গে যুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন।

এসএমই ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে মালহোত্রা বলেন, এই সুযোগের পূর্ণ ব্যবহার এখনো হচ্ছে না। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ বা এমএসএমই-কে দেশীয় গণ্ডি ছাড়িয়ে বিদেশি বাজার খোঁজার পরামর্শ দিয়ে তিনি বলেন, শ্রম-নিবিড় এমএসএমই খাত বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বাণিজ্যের সুফল পৌঁছে দিতে পারে। ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের এফটিএ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিদেশি বাজারে প্রবেশের জন্য এমএসএমই-গুলিকে গুণগত মান, মানদণ্ড ও সার্টিফিকেশনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান আরবিআই গভর্নর। তাঁর মতে, এফটিএ নেটওয়ার্ক নতুন বাজারের পাশাপাশি সাশ্রয়ী দরে উন্নত কাঁচামাল ও বৈশ্বিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করছে।

মহামারীর পর থেকে ভারতের ৭.৪ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই খাতের অবদানের কথা তুলে ধরে সঞ্জয় মালহোত্রা এই খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কম ব্যবহারে উদ্বেগ জানান। তিনি বলেন, চিন, যুক্তরাষ্ট্র ও জার্মানির তুলনায় ভারতে প্রায় ১৫ শতাংশ এমএসএমই এআই গ্রহণ করছে; এক সমীক্ষায় ৭৬ শতাংশ কোনও না কোনওভাবে এআই ব্যবহার করলেও মাত্র ৫ শতাংশ মূল কাজে তা যুক্ত করেছে। অনুমান অনুযায়ী, এআই এমএসএমই খাতে ৪৯০ থেকে ৬৮৫ বিলিয়ন ডলারের মূল্য যোগ করতে পারে।

এনপিএ ঘোষণার ৯০ দিনের সময়সীমা ১৮০ দিনে বাড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, পরিশোধের সময়সীমা বাড়াতে ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করা যেতে পারে, যাতে ৯০ দিনের হিসাবও দেরিতে শুরু হয়। পাশাপাশি ব্যাঙ্ক শাখায় সরকারি প্রকল্পের তথ্য দেওয়ার ব্যবস্থা ও ঋণ সংকট কমায় প্রথমবারের ঋণগ্রহীতা, ক্ষুদ্র উদ্যোগ, নারী-নেতৃত্বাধীন ব্যবসা এবং ছোট শহর ও গ্রামীণ উদ্যোগে মনোযোগ দেওয়ার কথা বলেন। শেষে ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তি ও উৎপাদনশীলতায় বিনিয়োগ, বিদেশি বাজার অনুসন্ধান, প্রাতিষ্ঠানিক রূপদান এবং ট্রেড রিসিভেবলস ডিসকাউটিং সিস্টেম বা ট্রেডস-এর ব্যবহারসহ পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে সরকারি সহায়তাকে বিকল্প নয়, বরং পরিপূরক হিসেবে দেখার আহ্বান জানান তিনি।