সিনেমার পর্দা থেকে সোজাসুজি ক্ষমতার কেন্দ্রে! শুভেন্দু সরকারের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেলেন মহাগুরু মিঠুন

রাজ্য প্রশাসনে এক বিরাট ও অপ্রত্যাশিত চমক। অভিনয় জগতের সীমানা পেরিয়ে এবার সোজা প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন প্রখ্যাত অভিনেতা তথা বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হয়েছে তাঁকে। তবে এই নিয়োগ কেবল সাধারণ কোনো উপদেষ্টা পদ নয়; অত্যন্ত গুরুত্ব দিয়ে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

বুধবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেলের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করে এই নিয়োগের কথা প্রকাশ্যে আনা হয়। সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই পদেই বহাল থাকবেন মিঠুন চক্রবর্তী।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক বড় রদবদল ও নতুন দায়িত্ব বণ্টনের কাজ চলছে। সেই আবহেই মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল পদে বসানোর সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। সিনেপর্দার জনপ্রিয়তাকে সঙ্গী করে প্রশাসনিক ময়দানে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।