সবই লোক দেখানো!” বিধায়কের হুঙ্কারকে কটাক্ষ সিপিএম-কংগ্রেসের, চাপে দেবদাস?

দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ রুখতে এবার সরাসরি পথে নামলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। বুধবার সকালে শহরে মাইক নিয়ে তোলাবাজির বিরুদ্ধে প্রচার চালান তিনি। দোকানে গিয়ে ব্যবসায়ীদের তোলা না দেওয়ার আহ্বান জানান বিধায়ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া হুঁশিয়ারি দেন দেবদাস মণ্ডল। তাঁর বক্তব্য, তোলাবাজি করলে তিনি রেয়াত করবেন না, এমনকি নিজের দলের কর্মী হলেও ‘হাঁটুর মালাইচাকি ভেঙে দেব’। তবে বিধায়কের এই মাইক প্রচার ও কড়া মন্তব্যকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। সিপিএম ও কংগ্রেসের দাবি, এই কর্মসূচি কেবল লোক দেখানো, তোলাবাজি ঠেকাতে বিধায়কের সদিচ্ছার ঘাটতি রয়েছে।

গত বিধানসভা নির্বাচনের প্রচারে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন দেবদাস মণ্ডল। সে সময় হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহাকে ‘কালীচরণ’ বলে উল্লেখ করে একাধিক জনসভায় তিনি দাবি করেছিলেন, পুরসভার ২৪টি ওয়ার্ডের দুর্নীতি ও তৃণমূল নেতাদের তোলাবাজির সমস্ত ফাইল ও নথি তাঁর কাছে রয়েছে। বিধায়ক হলে পুরপ্রধানের ফাইল খুলে অভিযুক্তদের জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

কিন্তু বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ছ’মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুরপ্রধান-সহ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ। উল্টে অভিযোগ উঠেছে, তৃণমূলের আমলে শুরু হওয়া তোলাবাজির সংস্কৃতি এবার হাবড়ায় বিজেপি কর্মীদের হাত ধরেই চলছে। বিশেষ করে হাবড়ার বিখ্যাত বস্ত্রহাটে প্রতিদিন তোলাবাজির অভিযোগ উঠছে, যেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ সামনে এসেছে।

এর আগে গত সোমবার তোলাবাজির ইস্যুতে সাংবাদিক বৈঠক করে ব্যবসায়ীদের থানায় অভিযোগ জানানোর বার্তা দিয়েছিলেন বিধায়ক। বুধবার নিজেই বস্ত্রহাটে মাইক বেঁধে ব্যবসায়ীদের থানায় যাওয়ার আর্জি জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবদাস বলেন, হাবড়ায় কাউকে এক টাকাও তোলা তুলতে দেবেন না। অভিযোগ পেলে, তা দলের কর্মী হলেও ছাড় পাবেন না এবং হাঁটুর মালাইচাকি ভেঙে দেবেন বলে হুঁশিয়ারি দেন।

বিধায়কের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। হাবড়া এরিয়া কমিটির সিপিএম সম্পাদক প্রসেনজিৎ দত্ত জানান, সমাজমাধ্যমে বিধায়কের বক্তব্য দেখে তাঁরা হাসছেন। তাঁর দাবি, ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি। কারা তোলাবাজি করছে তা বিধায়ক জানলেও কেন থানায় অভিযোগ করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে সদিচ্ছার অভাবের অভিযোগ করেন তিনি।

একই সুরে আক্রমণ শানিয়েছেন হাবড়া টাউন কংগ্রেসের সভাপতি প্রণব ভট্টাচার্য। তাঁর মতে, তোলাবাজির কথা ও জড়িতদের নাম বিধায়ক বললেও থানায় কোনও অভিযোগ দায়ের করছেন না। আড়ালে কী চলছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে পুরো বিষয়টিকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেন তিনি। প্রণব ভট্টাচার্যের দাবি, ঘরে-বাইরে সমালোচনায় পড়ে বিধায়ক এখন ‘শাঁখের করাত’-এর মতো অবস্থানে রয়েছেন। পুরপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়েও এলাকায় নানা গুঞ্জন চলছে। যদিও বিধায়কের দাবি, পুরপ্রধানের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে পুলিশকে ব্যবস্থা নিতে বলবেন।