জ্বর-ব্যথার ওষুধ নিয়ে বড় সতর্কতা! মান পরীক্ষায় ডাহা ফেল ৩২৪টি নমুনা

ওষুধের গুণমান পরীক্ষায় ব্যর্থ হল ২৮৭টি নমুনা। গত অক্টোবর মাসে গুণগত মানদণ্ডে এগুলি স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিজে ব্যর্থ হয়েছে। একইভাবে সেন্ট্রাল ড্রাগস ল্যাবোরেটরিজও এমন ৩৭টি নমুনাকে শনাক্ত করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে মানহীন বা ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (এনএসকিউ) এবং ভেজাল ওষুধের তালিকা প্রতি মাসে সিডিএসসিও (CDSCO) পোর্টালে প্রকাশ করা হয়।

মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে সেন্ট্রাল ড্রাগস ল্যাবোরেটরিজ ৩৭টি ওষুধের নমুনাকে মানহীন (এনএসকিউ) হিসেবে চিহ্নিত করেছে এবং স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিজে ২৮৭টি নমুনা মানহীন প্রমাণিত হয়েছে। নির্ধারিত গুণমান সংক্রান্ত কোনও একটি বা একাধিক মানদণ্ড পূরণে ব্যর্থ হলেই কোনও ওষুধের নমুনাকে এনএসকিউ হিসেবে গণ্য করা হয়। তবে মন্ত্রকের স্পষ্ট বার্তা, এই পদক্ষেপ কেবল সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষিত নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলির ক্ষেত্রেই প্রযোজ্য; বাজারে থাকা অন্য ওষুধ নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

পাশাপাশি, অসমের স্টেট লাইসেন্সিং অথরিটির পাঠানো একটি ওষুধের নমুনাকে ‘নকল’ (স্পিউরিয়াস) হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অন্য একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন ব্র্যান্ড নাম ব্যবহার করে অননুমোদিত নির্মাতা ওই ওষুধ তৈরি করেছে। মন্ত্রক জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বাজার থেকে নিম্নমানের ও নকল ওষুধ চিহ্নিত করে সরিয়ে ফেলার লক্ষ্যে রাজ্য পর্যায়ের নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এদিকে গুণগত মান খারাপ থাকায় ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের নির্দেশে রাজ্য ড্রাগ কন্ট্রোলও ওই ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি বন্ধ করে। নিষিদ্ধের তালিকায় রয়েছে জ্বর, ব্যথা ও হাইপার টেনশন কমানোর ওষুধ। পাশাপাশি অ্যাসিডিটি, ডায়েরিয়া এবং সংক্রমণ কমানোর ওষুধও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল রাজ্য ড্রাগ কন্ট্রোলকে নির্দিষ্ট ৩৬টি ওষুধের ব্যাচ নম্বর জানিয়ে নির্দেশ দিয়েছে যে, গুণগত মান খারাপ হওয়ায় এগুলি বিক্রি করা যাবে না এবং বাজারে থাকলে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।