সন্ত্রাসবাদে ‘নো ডবল স্ট্যান্ডার্ড’! মালয়েশিয়ার মাটি থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদ দমনে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি সাফ জানান, সন্ত্রাসবাদের মোকাবিলায় কোনো দ্বিমুখী আচরণ বা আপস করবে না ভারত।

দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে নিরাপত্তার পাশাপাশি গুরুত্ব পেয়েছে সমুদ্র-সীমান্ত রক্ষা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা সহযোগিতা। প্রধানমন্ত্রী মোদী ভারতকে মালয়েশিয়ার ‘সামুদ্রিক প্রতিবেশী’ হিসেবে অভিহিত করে বলেন, “আমাদের দুই দেশের সভ্যতা ও সংস্কৃতির টান বহু বছরের। আজ মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে সবথেকে বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।” এদিন দুই দেশের মধ্যে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

তবে এই সফরের সবথেকে চর্চিত বিষয় ছিল বিতর্কিত ধর্মপ্রচারক জকির নায়েকের প্রত্যর্পণ। ভারতের বিদেশ মন্ত্রক আগেই ইঙ্গিত দিয়েছিল যে, এই বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্ব পাবে। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে আর্থিক তছরূপ ও ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত নায়েক বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, যথাযথ প্রমাণ মিললে মালয়েশিয়া কোনোভাবেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। এছাড়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের ‘গ্রোথ ইঞ্জিন’ হিসেবে বর্ণনা করে আসিয়ান (ASEAN) গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী মোদী।