সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও চুরুতে হার কংগ্রেসের! বাজিমাত বিজেপি নেতার পুত্রবধূর, রাজস্থানে বড় চমক

রাজস্থানের ৩৭টি জেলায় অনুষ্ঠিত জেলা প্রধান নির্বাচনে চুরুতে বড়সড় অঘটন ও রাজনৈতিক উলটফট ঘটেছে। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও চুরুতে নিজেদের প্রার্থীকে জেতাতে পারেনি কংগ্রেস। ক্রস ভোটিংয়ের জেরে এখানে হারের মুখে পড়তে হয়েছে দলটিকে, আর শেষ পর্যন্ত বিজেপির প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌরের পুত্রবধূ কনিকা সিং জেলা প্রধান নির্বাচিত হয়েছেন।

তবে সামগ্রিক ফলাফলে রাজস্থানের ৩৭টি জেলার মধ্যে জয়পুরে সহ ২৪টি জেলায় কংগ্রেসের প্রার্থীরা জেলা প্রধান পদে জিতেছেন। অন্যদিকে, বিজেপি মাত্র ৯টি জেলায় জয়লাভ করতে পেরেছে। এছাড়া বাঁশওয়াড়া এবং ডুঙ্গরপুরে ভারত আদিবাসী পার্টি (BAP)-এর প্রার্থীরা জেলা প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং নাগৌরে জিতেছেন আরএলপি (RLP) প্রার্থী।

ব্যাওয়ারে ১ ভোটে হার, জয়পুরে সহ একাধিক আসনে চমক ব্যাওয়ারে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও মাত্র ১ ভোটের ব্যবধানে হেরে গেছেন বিজেপি প্রার্থী নির্মলা দেবী; সেখানে জিতেছেন কংগ্রেসের মমতা গুর্জর। অন্যদিকে, অন্যতম আলোচিত আসন বিকানেরে কংগ্রেস বিধায়কের পুত্রবধূ নিকিতা ডুডি জয়ী হয়েছেন। দৌসায় বিধায়ক ডিডি বৈরওয়ার স্ত্রী বীনা বৈরওয়া এবং সওয়াই মাধোপুরে প্রাক্তন মন্ত্রী অশোক বৈরওয়ার স্ত্রী আশা দেবী জেলা প্রধান পদে নির্বাচিত হয়েছেন।

২১ বছর বয়সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রেকর্ড সন্তোষ কুমারীর এবারের জেলা প্রধান নির্বাচনে সবচেয়ে চমকপ্রদ নজির তৈরি হয়েছে জয়সলমেরে। মাত্র ২১ বছর বয়সী সন্তোষ কুমারী কংগ্রেসের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা প্রধান নির্বাচিত হয়েছেন; দাবি করা হচ্ছে, তিনিই রাজস্থানের কনিষ্ঠতম জেলা প্রধান। তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ভুক্ত সন্তোষ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। তাঁর বাবা চৌথারাম ভীল একজন গ্রাম উন্নয়ন আধিকারিক এবং মা গৃহবধূ।

নির্বাচিত হওয়ার পর সন্তোষ কুমারী জানিয়েছেন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং অর্পিত আস্থার মর্যাদা রাখবেন। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে; শিক্ষার মাধ্যমে নারীদের স্বনির্ভর করা এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়ানোই তাঁর লক্ষ্য।