খাবার পর মাত্র ১০ মিনিট হাঁটলেই ব্লাড সুগারে ম্যাজিক! কী বলছেন চিকিৎসক?শিরোনাম

বর্তমান ব্যস্ত জীবনে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক ক্ষেত্রেই রোগীরা অনেক দেরিতে অসুস্থতা সম্পর্কে জানতে পারেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শারীরিকভাবে সক্রিয় থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে যাঁরা ভারী ব্যায়াম করতে পারেন না বা করতে চান না, তাঁদের জন্য প্রতিটি খাবারের পর মাত্র ১০ মিনিট হাঁটা কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে জেনে নেওয়া জরুরি।
কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক? মেট্রো গ্রুপ অফ হসপিটালসের এন্ডোক্রিনোলজি বিভাগের কনসালট্যান্ট এবং ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাঃ অভিনব হাজরা জানান, খাবার খাওয়ার পর মাত্র ১০ মিনিট হাঁটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বেশ সহায়ক হতে পারে। খাবার গ্রহণের পর শরীরে গ্লুকোজের মাত্রা বাড়তে শুরু করে। এই সময়ে হাঁটা শুরু করলে পেশি সক্রিয় হয় এবং রক্তে থাকা গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। এর ফলে খাবার খাওয়ার পর হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
এই অভ্যাসের জন্য খুব দ্রুত গতিতে হাঁটা বা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। মাঝারি গতিতে ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেই উপকার পাওয়া যেতে পারে। খাওয়ার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে হাঁটা শুরু করলে ভালো ফল মেলে। সকাল, দুপুর ও রাতের খাবারের পর এই অভ্যাস গড়ে তুললে তা আরও বেশি কার্যকর হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অন্যান্য উপকারিতা ও সতর্কতা খাবার পর অল্প সময় হাঁটার অভ্যাস শুধু ব্লাড সুগার নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নয়; এটি হজমশক্তি উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তবে চিকিৎসকদের মতে, শুধুমাত্র হাঁটার মাধ্যমে ডায়াবেটিস সম্পূর্ণ সেরে যায় না।
তাই ডায়াবেটিস আক্রান্তদের সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং নির্ধারিত ওষুধের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। যাঁরা ইনসুলিন বা ব্লাড সুগার কমানোর ওষুধ খান, তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ মেনে হাঁটা উচিত। দৈনন্দিন রুটিনে এই ছোট্ট অভ্যাস যুক্ত করলে দীর্ঘমেয়াদে শরীরের সুস্থতায় তা বড় ভূমিকা নিতে পারে।