শৌচাগারের জানলা দিয়ে পালিয়ে গেল মোস্ট ওয়ান্টেড সুজন! শহরজুড়ে চিরুনি তল্লাশি পুলিশের

কর্ণাটকের সোনার শোরুমে ডাকাতির ঘটনায় ধৃত সুজন লখন্দ্রী শিলিগুড়ির একটি হোটেল থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার অভিযুক্ত চম্পট দেওয়ার পর থেকেই তল্লাশি শুরু হয়। সারারাত এবং বৃহস্পতিবার সকাল থেকে অভিযান আরও জোরদার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ শহরের সব প্রবেশ ও প্রস্থান পথে কড়া নাকা চেকিং চলছে। এর আগেও সুজনের বিরুদ্ধে একাধিক রাজ্যে ডাকাতির অভিযোগ রয়েছে।
প্রায় ১১ মাস আগে কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুরে একটি সোনার দোকান থেকে প্রায় ৮ কেজি সোনা ও হিরাসহ প্রায় ১০ কোটি টাকার গয়না লুটের ঘটনায় মোস্ট ওয়ান্টেড ছিল সুজন। মাস তিনেক আগে মাটিগাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আসে সে এবং এক মাস ধরে এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। সেখান থেকেই মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড এসটিএফ, শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার সহযোগিতায় শালবাড়ি এলাকা থেকে সুজনকে ধরে কর্ণাটক পুলিশ।
পরদিন বুধবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন এবং সেদিনই কর্ণাটক পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।
হোটেলে রাখা নিয়ে গাফিলতি ও বিতর্ক
নিয়ম অনুযায়ী স্থানীয় থানার লকআপে বা সহযোগিতায় আসামিকে রাখার কথা থাকলেও অভিযোগ উঠেছে, স্থানীয় পুলিশকে না জানিয়েই জংশন এলাকার একটি হোটেলের দ্বিতীয় তলায় সুজনকে নিয়ে ঘরভাড়া নেন কর্ণাটক পুলিশের আধিকারিকরা। বুধবার বিকেল নাগাদ শৌচাগারে যাওয়ার কথা বলে ভিতরে ঢোকে অভিযুক্ত। অনেকক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দেখে সুজন উধাও।
প্রাথমিক অনুমান, শৌচাগারের গ্রিলবিহীন জানলা বা ভেন্টিলেটর গলে পাইপ বেয়ে নেমে পালিয়েছে সে। এই ঘটনায় কর্ণাটক পুলিশের নজরদারি ও ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। স্থানীয় মাটিগাড়া বা প্রধাননগর থানাকে না জানিয়ে কেন সাধারণ হোটেলে আসামিকে রাখা হয়েছিল, তা নিয়ে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।
তদন্ত ও তল্লাশি অভিযান
বুধবার রাতে প্রধাননগর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে কর্ণাটক পুলিশ। অন্যদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি শালবাড়ির ভাড়াবাড়িতেও নজর রাখা হচ্ছে। অভিযুক্তকে ধরতে বুধবার সারারাত ও বৃহস্পতিবার শহরের সর্বত্র তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা কোনও মন্তব্য করতে চাননি।