এসএসআর ২০২৭-এর আগে বড় নির্দেশ নির্বাচন কমিশনের! ফর্ম-৮ ছাড়া বদলাবে না কোনও তথ্য

ভোটার তালিকায় থাকা ভুল এবং অসংগতি দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন। স্পেশাল সামারি রিভিশন (এসএসআর) ২০২৭ চলাকালীন বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ সংগৃহীত তথ্য মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে, মেমো নম্বর ২৩/২০২৬-ইআরএস অনুযায়ী।

নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারদের নাম, অভিভাবকের নাম, সম্পর্কের ধরন, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হবে। এসআইআর-এর সময় সংগৃহীত তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্যে কোনও অমিল বা ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট এন্ট্রিগুলি চিহ্নিত করে যাচাই করতে হবে। এই কাজে মূল দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের। যেসব ভোটারের তথ্যে অসংগতি দেখা যাবে, তাঁদের বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য যাচাই করবেন বিএলও-রা এবং প্রয়োজন অনুযায়ী ভোটারের কাছ থেকে পূরণ করা ও স্বাক্ষরযুক্ত ফর্ম-৮ সংগ্রহ করবেন।

ফর্ম-৮ বাধ্যতামূলক ও যাচাইয়ের ধাপ
বিএলও-দের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলি এরপর খতিয়ে দেখবেন এইআরও এবং ইআরও-রা। নির্ধারিত নিয়ম মেনে সেই আবেদনগুলির নিষ্পত্তি করতে হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটারদের ব্যক্তিগত ও অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে ফর্ম-৮ বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের যাচাই ও অনুমোদন ছাড়া কোনও পরিবর্তন করা যাবে না। পাশাপাশি শুধুমাত্র স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য শনাক্ত করে ভোটার তালিকায় কোনও সংশোধন করা যাবে না বলেও জানানো হয়েছে।

কোন প্রক্রিয়ায় ও কাদের জন্য এই নির্দেশ?
সম্পূর্ণ প্রক্রিয়াটি ইসিআইনেট-এর অধীনে থাকা বিএলও, এইআরও এবং ইআরও মডিউলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে চলা এসএসআর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নির্দেশ জারি হয়েছে। পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। অর্থাৎ এসআইআর তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তুলনা করে সম্ভাব্য ভুল চিহ্নিত করা, বিএলও-দের মাধ্যমে সরেজমিনে যাচাই এবং ফর্ম-৮-এর মাধ্যমে সংশোধনের প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।