‘লক্ষ্মীর ভাণ্ডার দিন, না হলে আপনাদের ভাণ্ডারও খুলব!’ ভরা সভা থেকে কাকে চরম হুঁশিয়ারি দিলেন মমতা?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার ক্যাথিড্রাল রোডের সভা থেকে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একদিকে যেমন তাঁর বাড়িতে হেনস্তার অভিযোগ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন, তেমনই সাধারণ মানুষের প্রাপ্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও সরাসরি হুঁশিয়ারি দেন তিনি।
এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে প্রতিদিন রাতে তাঁর বাড়ির সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এরপরই তাঁর মুখে শোনা যায় জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রসঙ্গ। যাঁরা এখনও এই প্রকল্পের টাকা পাননি, তাঁদের হয়ে জোরালো সওয়াল করে তিনি বলেন, মানুষের প্রাপ্য টাকা বন্ধ করে দিলে কিংবা কেড়ে নেওয়া হলে তিনি চুপ করে থাকবেন না। আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “হয় লক্ষ্মীর ভাণ্ডার দিন, নাহলে আপনাদের ভাণ্ডার খুলতে দিন।” বিরোধী শিবিরের উদ্দেশে পুরনো নানা দায়িত্ব ও দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন তিনি। পাশাপাশি অতীতে রাজনৈতিক শালীনতা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, তিনি বরাবরই রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি পিছপা হবেন না।
অন্যদিকে, এই একই মঞ্চ থেকে বর্তমান শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদের প্রসঙ্গ তুলে তিনি প্রতিজ্ঞা করেন যে, আগামী এক বছরের মধ্যে ওই সমস্ত আসনে সাংসদ পদ খারিজ করিয়ে উপনির্বাচন করিয়েই তিনি ছাড়বেন। সবমিলিয়ে, টিএমসিপির এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে একযোগে একাধিক বিস্ফোরক হুশিয়ারি উঠে আসে।