“রোজ ৭০ মিনিট কাটান ইউজাররা”-তবুও কেন ‘টকি’ এআই চ্যাটবট সরাল অ্যাপল?

যৌনভাবে আপত্তিকর কনটেন্ট এবং শিশুদের সঙ্গে অনুচিত কথোপকথন নিয়ে ওঠা উদ্বেগের জেরে চিনা সংস্থা মিনিম্যাক্সের তৈরি এআই চ্যাটবট ‘টকি’ বিশ্বজুড়ে নিজেদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে অ্যাপল।

প্রতিবেদন অনুযায়ী, এবিসি নিউজ এবং ব্রিটেনের ‘ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম’-এর যৌথ তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন অ্যাপলের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে যৌন কনটেন্ট সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে অ্যাপটি সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

তদন্তে অস্ট্রেলিয়া ও আমেরিকার একাধিক অভিভাবকের বক্তব্য সামনে এসেছে, যাঁদের দাবি—প্ল্যাটফর্মে থাকা এআই-তৈরি চরিত্রগুলোর সঙ্গে তাঁদের সন্তানদের কথোপকথন যৌনভাবে অনুচিত এবং মৌখিকভাবে অপমানজনক দিকে গড়িয়েছিল।

‘টকি’ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা টেক্সট ও ভয়েসের মাধ্যমে ভার্চুয়াল চরিত্র তৈরি করে সেগুলোর সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি এআই চরিত্রগুলোর সঙ্গে কাল্পনিক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার সুযোগও দেয় এটি।

অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে—উভয় জায়গাতেই অ্যাপটিকে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য উপযুক্ত বলে উল্লেখ করা হলেও প্রতিবেদনের দাবি, বিপুল সংখ্যক শিশুও এটি ব্যবহার করছিল।

অ্যাপল নিশ্চিত করেছে যে ‘টকি’ সরানোর এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী কার্যকর করা হয়েছে। তবে প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার পর্যন্ত অ্যাপটি গুগল প্লে স্টোরে ছিল এবং সেখানে এটি ৫ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে।

‘টকি’ পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ‘সাবসপ’, যা মিনিম্যাক্সের সহযোগী প্রতিষ্ঠান। ব্যবহারকারীদের ভার্চুয়াল চরিত্রগুলোর সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত রাখতে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

তদন্তে দেখা সংস্থার নথি অনুযায়ী, ‘টকি’ এবং এর চিনা সংস্করণের ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৭০ মিনিটেরও বেশি সময় এই প্ল্যাটফর্মগুলোতে কাটান।

অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘টকি’ সরানোর ঘটনা এটিই প্রথম নয়। ২০২৪ সালেও ব্যবহারকারীদের তৈরি আপত্তিকর কনটেন্টের কারণে প্ল্যাটফর্মটি সরানো হয়েছিল। পরে ২০২৫ সালে এর নতুন সংস্করণ আনে মিনিম্যাক্স।

‘টকি’-কে একটি এআই-ভিত্তিক সঙ্গী ও রোল-প্লেয়িং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা নানা ভার্চুয়াল চরিত্র বানিয়ে তাদের সঙ্গে কথোপকথন করতে পারেন।

চ্যাটজিপিটি বা জেমিনির মতো প্রচলিত এআই সহকারীর বিপরীতে ‘টকি’-র মূল লক্ষ্য তথ্য সরবরাহ করা নয়; বরং বিনোদন, ইন্টারঅ্যাক্টিভ গল্প বলা এবং কাল্পনিক সম্পর্কের ওপর ভিত্তি করে অভিজ্ঞতা দেওয়া।