রিল নির্মাতা কি সাংবাদিকের সুরক্ষা পাবেন? সুপ্রিম কোর্টের বড় বার্তা!

হাতে মাইক্রোফোন, ক্যামেরা কিংবা সমাজমাধ্যমে খবরের ভিডিও তৈরি করলেই কি কাউকে সাংবাদিক বলা যায়? বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লে কি প্রত্যেকেই সাংবাদিক হিসেবে বিশেষ আইনি সুরক্ষা পাবেন? বৃহস্পতিবার এই প্রশ্নের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট জানান, স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই ধরনের সুরক্ষা নাও পেতে পারেন।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাত সাংবাদিক পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও আটকের অভিযোগ তোলেন। সেই ঘটনার জেরে কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস এবং দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্টস সহ একাধিক সাংবাদিক সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করে। অভিযোগ, খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়, ভিডিও রেকর্ডিংয়ে বাধা দেওয়া হয়, এমনকি শারীরিক হেনস্তা ও আটকও করা হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়।

শুনানিতে বিচারপতি বাগচী বলেন, স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা নাও পেতে পারেন। তাঁর মতে, প্রথমেই নির্ধারণ করা দরকার সাংবাদিক কাকে বলা হবে। কেউ প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত সংবাদমাধ্যমে কাজ করেন, কেউ রেজিস্টার্ড সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত, আবার কেউ সমাজমাধ্যমে ভিডিও তৈরি করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এই সব ক্ষেত্রকে এক করে দেখা যায় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারপতি জানান, সাংবাদিক হিসেবে পরিচয় নিজে থেকেই দাবি করলে সেই স্বীকৃতি পাওয়া যায় না, এবং অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।

আদালত আরও জানায়, সাংবাদিকতার স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, চলাফেরার অধিকার এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখা দরকার। কাউকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে দেওয়া হলে তা আটক করার সমতুল্য কি না, সেই প্রশ্নও বিচারের আওতায় রয়েছে।

এ দিনের শুনানিতে সাত সাংবাদিকের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন ওই কমিটির কাছে প্রয়োজনীয় নথি ও প্রমাণ জমা দিতে বলা হয়েছে। সাংবাদিকরা সত্যিই ঘটনাস্থলে ছিলেন কি না, পুলিশের তরফে বলপ্রয়োগ হয়েছিল কি না এবং সেই বলপ্রয়োগ পরিস্থিতির তুলনায় অতিরিক্ত ছিল কি না, তা তদন্ত করবে কমিটি।

এর আগে দিল্লি পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল, সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার, রিল নির্মাতা এবং কনটেন্ট ক্রিয়েটররা সাংবাদিকদের জন্য নির্দিষ্ট সুরক্ষার দাবি করতে পারেন না। পুলিশের যুক্তি ছিল, পেশাদার সাংবাদিক এবং বাণিজ্যিক উদ্দেশ্যে রিল তৈরি করা ব্যক্তিদের এক শ্রেণিতে ফেলা যায় না।

এই মামলার পর্যবেক্ষণ শুধু সাত সাংবাদিকের অভিযোগেই সীমাবদ্ধ নয়। বিক্ষোভের খবর সংগ্রহে সাংবাদিকদের অধিকার, কারা এই সুরক্ষার আওতায় আসবেন এবং ভবিষ্যতে পুলিশের সঙ্গে সাংবাদিকদের আচরণ নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির বিষয়টিও সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে।