রাস্তা পার হতে গিয়েই মর্মান্তিক পরিণতি, নিমতায় ডাম্পারের পিষ্ট হয়ে মৃত্যু চিকিৎসকের, ভাঙচুর-অবরোধ

নিমতায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক হোমিওপ্যাথি চিকিৎসক। বৃহস্পতিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মৃত চিকিৎসকের নাম সুকান্ত দাস। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়ার পাশাপাশি তীব্র উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিমতা থানার অন্তর্গত কালীবাড়ি মোড়ের কাছে কল্যাণী রোডের শ্রী দুর্গা পল্লি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুকান্তবাবু। সেই সময় মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। দ্রুতগতির ডাম্পারটি তাঁকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা ঘাতক ডাম্পারটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দাদের একাংশ। এর ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, যে অংশে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। বারবার বলা সত্ত্বেও রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়নি। তার ওপর এই রাস্তা দিয়ে বড় বড় ডাম্পার ও লরি বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে ও আশ্বাসের পর দীর্ঘক্ষণ চলা পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।