মায়ামি বিমানবন্দরে একের পর এক বিপত্তি! রানওয়ে পেরিয়ে ছিটকে গেল ফেডেক্স বিমান, প্রশ্নের মুখে নিরাপত্তা

আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিমান বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল পণ্যবাহী সংস্থা ফেডেক্সের একটি বিমান। থ্যাঙ্কস-গিভিংয়ের ঠিক আগের রাতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় বিমানটি। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের মাত্র একটি রানওয়ে চালু রেখে বাকি সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
মেমফিস থেকে আসা ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের মালবাহী বিমানটি রানওয়ে পেরিয়ে ছিটকে গেলেও ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মায়ামি-ডেড ফায়ার রেসকিউ ইউনিট। তবে রানওয়ে বন্ধ থাকায় বৃহস্পতিবার ভোর থেকেই মায়ামি বিমানবন্দরে উড়ান পরিষেবা চরমভাবে ব্যাহত হয়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জানিয়েছে, একাধিক বিমান ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে। উৎসবের মরসুমে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই এমডি-১১ মডেলের বিমানের নিরাপত্তা এবং মায়ামি বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ফেডেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ক্রু সদস্যরা সুরক্ষিত থাকায় স্বস্তি প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত বছর কেনটাকিতে টেক-অফের সময় ইউপিএসের একটি এমডি-১১ বিমানের বাঁ দিকের ইঞ্জিন খুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যাতে তিন পাইলটসহ মোট ১৫ জনের মৃত্যু হয়। এরপর দীর্ঘদিন এই মডেলের বিমান ওড়ানো বন্ধ ছিল। বোয়িংয়ের প্রস্তাবিত যান্ত্রিক ত্রুটি মেরামতের অনুমোদন এফএএ দেওয়ার পর চলতি বছরের মে মাস থেকে ফের এমডি-১১ বিমান ব্যবহার শুরু করে ফেডেক্স। কিন্তু কয়েক মাসের মধ্যেই একই মডেলের বিমান ফের বিপত্তির মুখে পড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মায়ামি বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে পরপর এমন ঘটনায় যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মাত্র তিন মাস আগেই, গত সেপ্টেম্বরে এই বিমানবন্দরেরই অন্য একটি রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল অ্যামাজনের একটি কার্গো জেট। রানওয়ের পাশের রাস্তা পেরিয়ে বিমানটি একটি ভ্যানে ধাক্কা মারলে বিমান সাফাইকর্মীসহ পাঁচজনের মৃত্যু হয়। বুধবারের ফেডেক্স বিমানটি অন্য রানওয়েতে নামলেও বিমানবন্দরের পশ্চিম প্রান্তে তিনটি রানওয়ে একসঙ্গে মেশায় সেটি ঠিক সেই জায়গার খুব কাছেই গিয়ে থামে, যেখানে সেপ্টেম্বরে অ্যামাজনের বিমানটি আছড়ে পড়েছিল।
এখানেই শেষ নয়, মাত্র দু সপ্তাহ আগেই এই বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ইন্টারসেকশনে কোপা এয়ারলাইন্সের একটি বিমানের ডানার সঙ্গে ইউপিএসের একটি বিমানের সামনের অংশের সংঘর্ষ হয়েছিল। পরপর এমন ঘটনায় বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। বুধবারের ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ, তবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তরফে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।