মেসি দেখতে গিয়ে সর্বস্বান্ত দর্শকদের টিকিটের পুরো টাকা কি ফেরত পাবেন? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!

জাতীয় ক্রীড়াদিবসে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্টের বিশৃঙ্খলা এবং দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রাক্তন সরকারের কড়া সমালোচনা করার পাশাপাশি বাংলার ক্রীড়াক্ষেত্রে একগুচ্ছ বড় উন্নয়নের পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।
মেসি-কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক ফুটবলের মহাতারকার বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। বহু সাধারণ তরুণ প্রজন্ম, এমনকি ডেলিভারি বয়ের মতো কঠোর পরিশ্রমী মানুষও ৬ থেকে ৮ হাজার টাকার টিকিট কেটে মাঠে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। সেদিন যাঁরা সর্বস্ব দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁদের সেই কষ্টার্জিত অর্থ যাতে ফেরত দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে জোরদার চেষ্টা চলছে বলে আশ্বাস দেন তিনি।
পাশাপাশি, রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজাতে বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মিনি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ এবং কলকাতার ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হরিয়ানার মডেল অনুসরণ করে আন্তর্জাতিক ক্রীড়াবিদদের শুধু পদক জয়ের পরেই নয়, বরং তার আগে থেকেই আর্থিক সহায়তা দিয়ে উৎসাহ জোগানোর ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর বাংলার ক্রীড়ামহলে নতুন আশার সঞ্চার হয়েছে।