‘জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড়?’ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন মোদি!

সংসদের বিশেষ অধিবেশনের ঠিক আগেই মহিলা সংরক্ষণ বিল ঘিরে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের বিরুদ্ধে জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এই বিল সময়ের দাবি এবং এর বিরোধিতা করে বিরোধী শিবির দেশের স্বার্থের পরিপন্থী অবস্থান নিচ্ছে।
রবিবার (২৯ নভেম্বর) এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে প্রধানমন্ত্রী এই কড়া বার্তা দেন। ওই বার্তায় তিনি রাজনীতিতে মহিলাদের আরও সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মোদি জানান, রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর লড়াই দীর্ঘদিনের এবং তিনি নিজেও বহু বছর ধরে এই লক্ষ্য পূরণে কাজ করে চলেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার লড়াই বহু বছর ধরে চলছে। আমিও বহু বছর ধরে এই লক্ষ্যে কাজ করে আসছি।” পাশাপাশি, মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে বিজেপি ও এনডিএ সরকারের অবস্থান যে অটল, তাও স্পষ্ট করেন তিনি।
প্রস্তাবিত ‘নারী শক্তি বন্দন সংশোধনী’-কে সময়ের দাবি হিসেবে তুলে ধরে মোদি বলেন, “মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে বিজেপি-এনডিএ সরকারের অঙ্গীকারে কোনও পরিবর্তন আসেনি।” অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর এই মন্তব্য নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।