ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ! রেজিনগরকে মডেল গড়ার ডাক দিয়ে কী বললেন শুভেন্দু?

ধর্মের ভিত্তিতে বিভাজন ভুলে সমস্ত রাষ্ট্রবাদী মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। ঠিক তার আগেই বৃহস্পতিবার ওই এলাকায় বিজেপির প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকেই বিরোধীদের তীব্র আক্রমণ করার পাশাপাশি এলাকার উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা চান তিনি।

এদিনের সভা থেকে এলাকার ভোটারদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “রেজিনগরকে বলব আমাদের ঋণে আবদ্ধ করুন। হিন্দু-মুসলিম করবেন না, সত্তর-ত্রিশ (৭০-৩০) করবেন না। রাষ্ট্রবাদীরা সরকারের পাশে থাকুন। রেজিনগরও মডেল বিধানসভা হবে।” প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ যতই এগোচ্ছে, ততই চড়ছে রেজিনগরের রাজনৈতিক পারদ। গত কয়েকদিন ধরে চলা প্রচারের শেষ পর্যায়ে এসে বিরোধী শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন হেভিওয়েট এই নেতা। এই উপ-নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধী—উভয় পক্ষই এখন জয়ের ব্যাপারে আশাবাদী।