ভোটার তালিকা সংশোধনে বড় আপডেট! কবে প্রকাশ খসড়া ও চূড়ান্ত তালিকা, জানাল কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল সামারি রিভিশন (SSR)-এর নতুন সময়সূচি ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এবং ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
কমিশনের নির্দেশিকা অনুসারে, ১৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানো যাবে। প্রাপ্ত দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখে ১ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে হবে। এর পাশাপাশি ৩ ডিসেম্বরের মধ্যে বুথ পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সচেতনতা তৈরিতে রাজ্যে বিশেষ প্রচার অভিযান চলবে:
প্রচার অভিযানের দিন: আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি এই অভিযান চলবে। ওই দিনগুলিতে সংশ্লিষ্ট বুথে থাকবেন বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-রা।
নতুন ভোটারদের আবেদন: ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার নির্ণায়ক তারিখ ধরে প্রক্রিয়াটি চলবে। ওই দিন যাঁদের ১৮ বছর পূর্ণ হবে, তাঁরা নতুন ভোটার হওয়ার আবেদন করতে পারবেন। পাশাপাশি ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর যাঁরা যোগ্যতা অর্জন করবেন, তাঁরাও অগ্রিম আবেদন জমা দিতে পারবেন।
গত অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ার ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।