হাইকোর্টে ঋতব্রতর ‘পদ’ বাতিল হতেই কুণালের বিস্ফোরক মন্তব্য: “এত পাপ সহ্য হবে তো…?”

বিধানসভায় বিরোধী দলনেতা এবং চিফ হুইপ নির্বাচন সংক্রান্ত স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ের ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদ যেমন খারিজ হয়েছে, তেমনই ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ।

হাইকোর্টের রায়ের পর কুণাল ঘোষ বলেন, বিরোধী দলনেতা মনোনয়নের ক্ষেত্রে মূল নিয়ম হলো, যে প্রতীক থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই দল যাঁকে মনোনীত করবে তিনিই ওই পদে বসবেন—কোনো ফ্লোর বা স্লোপ টেস্টের মাধ্যমে এটি নির্ধারিত হয় না। তাঁর অভিযোগ, সেই মৌলিক বিধি উপেক্ষা করে স্পিকারের চেয়ারকে ব্যবহার করা হয়েছে এবং দল ভাঙানোর রাজনীতি চলেছে। আদালতের এই রায় থেকে শিক্ষা নিয়ে স্পিকারকে আইনসম্মত ও নীতিগত পথে ফেরার আহ্বান জানান তিনি। পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতাদের বঞ্চনার প্রসঙ্গ তুলে কুণাল প্রশ্ন তোলেন, “এত পাপ সহ্য হবে তো?”

উল্লেখ্য, এই মামলায় এর আগে সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যান। গত ১৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ সাময়িকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব পালনের অনুমতি দিলেও দ্রুত সিঙ্গল বেঞ্চকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। পুজোর ছুটির পর অবশেষে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই রায় ঘোষণা করল।